কিছুদিন আগে বোর্ডের কাছে একা একা অনুশীলনের অনুমতি চেয়েছিলেন মুশফিকুর রহীম। কিন্তু করোনা পরিস্থিতির কারণে অনুমতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তিনি একা নন, বোর্ড থেকে জানা গেছে, আরও কয়েকজন ক্রিকেটার নিজেদের ফিটনেস ঠিক রাখা, মানসিক দিক থেকে চাঙা রাখার পাশাপাশি ক্রিকেটীয় স্কিলগুলোও ঝালাই করতে উদ্যমী হয়েছেন।
ফিটনেস ট্রেনিংয়ের পাশপাাশি স্কিল ট্রেনিং করার জন্য রাজধানীর মিরপুরের শেরে বাংলা ও বন্দর নগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ব্যবহারের অনুমতি চেয়েছেন কয়েকজন ক্রিকেটার। কিন্তু করোনা পরিস্থিতির কারণে ক্রিকেটারদের শুরুতে না করে দিয়েছিল বোর্ড।
কিছুদিন আগে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটি চেয়ারম্যান আকরাম খান এবং সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন গণমাধ্যমে জানিয়েছেন, ‘ক্রিকেটারদের অনুশীলনে ফেরার ইচ্ছে পূরণ করতে যাচ্ছেন তারা। নিয়ম মেনে শারীরিক সংস্পর্শ ছাড়া, সর্বোচ্চ একজন সঙ্গী নিয়ে ব্যাটিং-বোলিং অনুশীলন করতে পারবে ক্রিকেটাররা।
কিন্তু করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় আর সবার মত চিন্তিত বোর্ড কর্তারাও।
এ বিষয়ে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘সত্যি বলতে কি, এখন যে অবস্থা চারদিকে, এর ভেতরে যতই একা একা হোক আর শারীরিক সংস্পর্শ ছাড়া অনুশীলন করুক না কেন, আমরা আসলে ক্রিকেটারদের সেই প্র্যাকটিসটাও কোনরকম উৎসাহিত করছি না।’
তিনি আরও বলেন, ‘তারপরও কেউ যদি একান্তই করতে চায়, তাকে যতটুকু সম্ভব লজিস্টিক হেল্প করা হবে। অনুশীলন করার জন্য যা যা দরকার হয়, সেটা দেয়া হবে। তবে নীতিগতভাবে আমরা তাদের এখন ঘরের বাইরে স্টেডিয়ামে গিয়ে অনুশীলন করাকে বরং নিরুৎসাহিত করছি। তারপরও কেউ বা কারও যদি খুব ইচ্ছে থাকে সেটা ভিন্ন কথা। তাদের ইচ্ছেতে বাধা দেয়া হবে না।’
তার কথায় পরিষ্কার, বিসিবি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে বর্তমান প্রেক্ষাপটে ক্রিকেটারদের বাসা থেকে বের হয়ে স্টেডিয়ামে গিয়ে কোনরকম অনুশীলন করাকে ইতিবাচক দৃষ্টিতে দেখছে না। তারা বরং চাচ্ছেন এটা না হোক।

