২০১৮ সালের জানুয়ারি মাসে নিউজিল্যান্ডে শুরু হবে যুব বিশ্বকাপ। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সফরসূচি ঘোষণা করেছে আইসিসি। ‘সি’ গ্রূপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রতিপক্ষ ইংল্যান্ড, কানাডা ও নামিবিয়া।
গত বছর ঘরের মাঠে যুব বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিলেন মেহেদী হাসান মিরাজ-নাজমুল হাসান শান্তরা। মিরাজের নেতৃত্বে সেই দলের শিরোপা স্বপ্ন ভেঙেছে ওয়েস্টইন্ডিজের কাছে। সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিদায় নিয়েছিল লাল-সবুজের যুবারা। এবার নিউজিল্যান্ডের পেস-বান্ধব উইকেটে সামর্থ্যের বড় পরীক্ষা দিতে হবে সাইফ-হালিম-আফিফদের।
গত আসরের প্রধান কান্ডারী মেহেদী হাসান মিরাজ এখন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম ভরসা। নাজমুল হাসান শান্ত’র ও টেস্ট অভিষেক হয়ে গেছে, যদিও পর্যবেক্ষনে আছেন ভবিষ্যতের এই বাঁহাতি ব্যাটসম্যান। বর্তমান দল থেকেও উঠে আসবে অনেক তরুণ প্রতিভা বলে আশা বাংলাদেশ ক্রিকেটের কর্মকর্তাদের।
মোট চারটি গ্রুপে বিভক্ত হয়ে মাঠের লড়াইয়ে নামবে ১৬টি দল। বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ গ্রুপে মুখোমুখি হবে স্বাগতিক নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও কেনিয়ার। উদ্বোধনী দিনেই স্বাগতিকদের মুখোমুখি হয়ে শিরোপা ধরে রাখার মিশনে নামবে ক্যারিবীয়রা। ‘বি’ গ্রুপে জিম্বাবুয়ে ও পাপুয়া নিউগিনির সঙ্গে রয়েছে দুই পরাক্রমশালী ভারত ও অস্ট্রেলিয়া। ‘ডি’ গ্রুপে তিন এশীয় পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সাথে লড়বে আয়ারল্যান্ড। উদ্বোধনী দিনেই ‘সি’ গ্রূপের লড়াইয়ে লিংকনের বার্ট সাটক্লিফ ওভালে নামিবিয়ার মুখোমুখি হয়ে শিরোপা অভিযান শুরু করবেন বাংলাদেশের যুবারা। গরমের অন্য দল কানাডা ও ইংল্যান্ড।
প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল করে মোট আট জায়গা করে নেবে সুপার লিগে। নকআউট পর্বের এ লড়াইয়ে জয়ী দলগুলো নাম লেখাবে সেমিফাইনালে। আগামী ৩ ফেব্রুয়ারি তাওরাঙ্গার বে-ওভালে ফাইনাল। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া বাকি আটটি দল অংশ নেবে প্লেট চ্যাম্পিয়নশিপে।
গ্রুপ পর্বে বাংলাদেশের খেলার সূচি :
নামিবিয়ার বিপক্ষে, ১৩ জানুয়ারি ২০১৮
কানাডার বিপক্ষে, ১৫ জানুয়ারি ২০১৮,
ইংল্যান্ডের বিপক্ষে, ১৮ জানুয়ারি ২০১৮,
