সরকারকে বিব্রত করতে অনেকে ‘ইচ্ছা করে’ নিখোঁজ হচ্ছেন বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
সম্প্রতি এক সাংবাদিকের পর এক বিশ্ববিদ্যালয় শিক্ষক নিখোঁজ হওয়ার প্রেক্ষাপটে বুধবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী এবারও আগের সুরেই বলেন, “অনেকে ইচ্ছা করে মিসিং হয়ে যাচ্ছে বা আত্মগোপনে গিয়ে আমাদের বিব্রত করছে। এ ধরনের মিসিংয়ের সুরাহা করা গোয়েন্দাদের জন্য একটু কষ্টকর। তারপরও আশা করি, তাদের ফিরিয়ে আনতে পারব।”
তবে ‘ইচ্ছাকৃতভাবে নিখোঁজ’ এই অনেকের সংখ্যা কত, তা জানাননি আসাদুজ্জামান কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের গোয়েন্দা বাহিনী কাজ করছে। আশা করি, তাদের ফিরিয়ে দিতে পারব।” মিসিং হওয়ার পেছনে কিছু কারণ থাকে’ বলে মন্তব্য করেন তিনি।
নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক মুবাশ্বার হাসান সিজার নিখোঁজ হওয়ার বিষয়ে কামাল বলেন, “সম্পূর্ণ খবর আমার কাছে নেই। তবে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। একজন লোক মিসিং হয়ে যাবে, আর আমাদের আইনশৃঙ্খলা ও গোয়েন্দা বাহিনী বসে থাকবে, এটা হতে পারে না। অবশ্যই আমরা দেখব কেন ও কীভাবে মিসিং হয়েছে। যে অন্যায় করবে, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়। কাউকে ক্ষমা করা হয় না।”
লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডে জড়িত একজন গ্রেপ্তার হওয়ায় ‘অনেক কিছু’ জানা গেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
গত নয় বছর ধরে সরকারি বাহিনীগুলো বহু নেতা-কর্মীকে গুম করেছে বলে অভিযোগ করে আসছে বিএনপি; যার মধ্যে দলের কেন্দ্রীয় নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলমও রয়েছেন। দেশি-বিদেশি মানবাধিকার সংগঠনগুলোও বাংলাদেশে গুমের ঘটনা নিয়ে উচ্চকিত। তবে বিএনপিসহ মানবাধিকার সংগঠনের অভিযোগ অস্বীকার করে আসছে সরকার।
কয়েক মাস আগে লেখক-কলামনিস্ট ফরহাদ মজহার নিখোঁজ হওয়ার পর তাকে উদ্ধার করে পুলিশ বলেছিল, তিনি নিজেই নিখোঁজের ‘নাটক’ সাজিয়েছিলেন। তারও আগে নিখোঁজদের মধ্যে কেবল বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে ভারতে পাওয়া গিয়েছিল।
মানবাধিকার সংগঠনের নেতারা বলে আসছেন, নিখোঁজ যেভাবেই হোক, তাদের উদ্ধারের দায়িত্ব সরকারের।
