দীর্ঘ অপেক্ষার পর আসলেন ‘সঞ্জু’। ফক্স স্টার ইন্ডিয়ার ইউটিউব চ্যানেলে সম্প্রতি উন্মুক্ত হয়েছে ট্রেলারটি। এতে সঞ্জয় দত্তের জীবনের বিভিন্ন সময় ফুটিয়ে তুলতে দেখা গেছে রণবীর কাপুরকে।
সঞ্জয় দত্তের বায়োপিকে তার জীবনের উত্থান-পতন সবকিছুই তুলে ধরা হয়েছে। জীবনের বিপদ, পতন, লড়াকু মানসিকতা, কারাবন্দি সময়, সন্ত্রাসের অভিযোগ, মাদকাসক্তিসহ নিজের প্রথম ছবি মুক্তির দুদিন আগে মায়ের মৃত্যুশোক এবং বাবার সঙ্গে সম্পর্ক; তার সবকিছুই থাকছে ছবিটিতে।
তবে এরপরও কি জানা হয়ে উঠবে এই অভিনেতার বিচিত্র জীবনের সবটুকু। আর তাই সঞ্জয়ের জীবনের কিছু অধ্যায় নিয়ে পেপারসলাইফের বিশেষ আয়োজন। আসুন জেনে নেই সঞ্জয়ের জীবনের এমন কিছু অজানা তথ্য;
১) জানেন কি সঞ্জয়ের নামটি তার বাবা মায়ের দেয়া নয়। মুলত তার জন্মের আগেই নামটি ঠিক করা হয়েছিল; আর তাও পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে। সেক্ষেত্রে বলা যায় সঞ্জয়ের বাবা সুনীল দত্ত এবং মা নার্গিসের ভক্তরাই তার নামটি ঠিক করে দিয়েছেন।
২) সঞ্জয় বেশ ভাল কাগজের ব্যাগ বানাতে পারেন জানেন? ২০১৩ সালে একটি মামলায় আত্মসমর্পন করার পর আসলে জেলে সঞ্জয়কে কাগজের ব্যাগ বানাতে দেয়া হয়েছিল। এবং ৩ বছর পর জেল থেকে ছাড়া পাও্যার সময় কাগজের ব্যাগ বানিয়ে সঞ্জয় ৩০ হাজার টাকা আয় করেছিলেন।
৩) মাত্র ৯ বছর বয়সে সিগারেট খাওয়া শুরু করেন সঞ্জয়। তবে এর কিছুদিনের মধ্যে তার বাবার কাছে ধরা পরে যান তিনি এবং শাস্তিও পান।
৪)সঞ্জয়ের প্রথম সিনেমা রকির শুটিং চলাকালিন সঞ্জয় মাদকাসক্ত ছিলেন। এমনকি বিমানে রিনি মোজার ভিতর হেরোইন এবন কোকেন লুকিয়ে নিয়ে গিয়েছিলেন তিনি।
৫) সঞ্জয় দত্তের প্রথম সিনেমার শুটিং চলার সময় তার মা নার্গিস ক্যান্সার আক্রান্ত ছিলেন। তবুও তার ইচ্ছা ছিল তিনি সঞ্জয়ের প্রথম সিনেমা দেখবেন। কিন্তু সিনেমা মুক্তির মাত্র পাঁচদিন আগে নার্গিস মারা যান। পরে সঞ্জয় তার মায়ের স্মরণে থিয়েটারে তার পাশের চেয়ারটি ফাকা রাখেন।
৬) সঞ্জয়ের মাদকাসক্তি একসময় এত বেড়ে যায় যে সঞ্জয়কে তার বাবা সুনীল দত্ত যুক্তরাষ্ট্রে রিহ্যাবে পাঠিয়ে দেন। সেখানে প্রায় একবছর থাকেন তিনি।

৭) রিহ্যাবে থাকাকালিন সঞ্জয় ভারত ফিরতে চাননি। এমনকি আর অভিনয়ও করতে চাননি। তবে তার বাবা সুনীল দত্তের কথায় আবার ভারতে ফিরে আসেন এই অভিনেতা।
৮) যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসার পর জীবনে শৃংখলা ফেরানোর জন্যই সঞ্জয় বডি বিল্ডিং শুরু করেন। কিন্তু সিনেমায় সাফল্যের মুখ দেখছিলেন না তিনি। পরবর্তীতে মহেশ ভাটের হাত ধরেই সাফল্য আসে। এজন্য মহেশ ভাটকে বেশ শ্রদ্ধা করেন এই অভিনেতা।
(চলবে)
