ভারতে ত্রিপুরায় পৃথক রাজ্যের দাবিতে আজ সোমবার থেকে শুরু হয়েছে রেল ও জাতীয় সড়ক অবরোধ। ইন্ডিজেনাস পিপলস ফ্রর্ন্ট অব তুইপ্রাল্যান্ড (আইপিএফটি)-এনসি দেববর্মা গোষ্ঠী এই অবরোধের ডাক দিলেও অন্য রাজনৈতিক দলগুলো এই দাবির বিরোধিতা করছে।
২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। তার আগে এই অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচিতে অনেকেই মণিপুরের ছায়া দেখতে পারছেন। কারণ, মণিপুরে ভোটের আগে কংগ্রেস সরকারকে বিপাকে ফেলতে একইভাবে সাড়ে চার মাস অবরোধ করেছিল ইউনাইটেড নাগা কাউন্সিল। ভোট শেষ হতেই ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সমর্থনে তারা অবরোধ তুলে নেয়।
ত্রিপুরার শাসক দল সিপিএমের রাজ্য সম্পাদক বিজন ধর সাংবাদিকদের কাছে সরাসরি অভিযোগ করেছেন, খোদ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ত্রিপুরার কমিউনিস্ট সরকারকে বিপাকে ফেলতে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি রাজ্যভাগের দাবি ও সেই দাবির সমর্থনে অবরোধ কর্মসূচিকে অযৌক্তিক বলেও বর্ণনা করেছেন।
প্রসঙ্গত, মণিপুরে ১ নভেম্বর ২০১৬ থেকে ১৬ মার্চ ২০১৭ অবধি অবরোধ চালিয়েছিল বিজেপির বর্তমান বন্ধুদল ইউএনসি। এখন দেখার ত্রিপুরা কত দিনে অবরোধমুক্ত হয়।
এদিকে নিরাপত্তা বাহিনীর তৎপরতায় সাম্প্রদায়িক দাঙ্গা কবলিত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটে আপাত শান্তি ফিরে এলেও ১০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দাঙ্গার উত্তাপ কলকাতার রাজনৈতিক অঙ্গনকে সরগরম করে তুলেছে।
এই দাঙ্গার জন্য ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপিকে দায়ী করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সীমান্ত নিরাপত্তার দায়িত্বে কে আছে, কেন্দ্র না রাজ্য? আবারও আমি বলছি, এই রাজ্যের শান্তি বিনষ্ট করার জন্য বিজেপির চক্রান্ত এটি।
দাঙ্গার জন্য বিজেপি, রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস) ও তাদের অন্যান্য লেজুড় গোষ্ঠীকে দায়ী করেন মমতা। পাশাপাশি উস্কানিমূলক বিবৃতি দেয়ার জন্য বিজেপির জ্যেষ্ঠ নেতাদের অভিযুক্ত করেন তিনি। মমতা দাবি করেন, বহিরাগতরা বাংলাদেশের সঙ্গে সীমান্তযুক্ত উত্তর ২৪ পরগনায় ওই ঘটনার সূত্রপাত ঘটায়।
অপরদিকে, কেন্দ্রীয় বিজেপি সরকারের মন্ত্রী পিযুষ গৈয়াল পাল্টা অভিযোগ করে বলেছেন, ‘রাজনৈতিক কারণে অন্য আরেকটি সম্প্রদায়কে সন্তুষ্ট করতে গিয়ে মমতা পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে দিয়েছেন।’
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, হিন্দুদের ধরপাকড়ের সময় তৃণমূল কংগ্রেসের আইনপ্রণেতা দিপেন্দু বিশ্বাস ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং পুলিশকে তল্লাশি চালানোর জন্য তাদের বাড়িঘর দেখিয়ে দিয়েছেন।
ঘটনাস্থল বসিরহাট পরিদর্শনে যাওয়ার জন্য কলকাতায় উপস্থিত হলে বিজেপি দলীয় আইনপ্রণেতা মিনাক্ষি লেখি, ওম মাথুর ও সত্যপাল সিংকে কিছুক্ষণের জন্য আটক করে রাখে পুলিশ। বিজেপি নেতারা এই নিয়ে দ্বিতীয়বারের মতো দাঙ্গাকবলিত এলাকায় যাওয়ার চেষ্টা করেছেন বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়।
