অবশেষে রংপুরই…




বহু নাটক ও দীর্ঘ অপেক্ষার পথ পাড়ি দিয়ে শেষমেশ ফাইনালের মঞ্চে রংপুর রাইডার্স। অনেকটা ওস্তাদের মাইর শেষ রাতে প্রবাদটার মত। দলটির টপ অর্ডার পুরো বিপিএলে অথর্ব থাকলেও গত দুই ম্যাচে ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম ও জনসন চার্লস যেন বুঝিয়ে দিলেন তারা কোন পর্যায়ের।
এলিমিনেটরে বিপিএলে ইতিহাস গড়া ঝোড়ো সেঞ্চুরি করলেন গেইল। আজকের ম্যাচে মাত্র দুই জন ম্যাককালাম ও চার্লস মিলে গড়লেন এই আসরের সর্বোচ্চ স্কোর।
আর এরই মধ্য দিয়ে আগামীকাল চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে ঢাকার মুখোমুখি হবে মাশরাফির রংপুর।
আজকের ম্যাচের শুরুটা বেশ মন্থর ছিল রংপুর রাইডার্সের ৭ ওভারে ১ উইকেটে ৫৫ রান। প্রথম দুই ওভারে মাত্র ৬ রান। কিন্তু ১০ ওভারে বদলে যেতে শুরু করল ম্যাচের রূপ। সে যে শুরু হলো, আর থামল না…
পুরো টুর্নামেন্টে ঘুমিয়ে থাকা চার্লস ৫ ম্যাচে করেছিলেন ৩৮ রান। সেই চার্লসই আজ ৯ চার ও ৭ ছক্কায় তুললেন ১০৫। আর বেধড়ক পিটিয়ে ৯ ছক্কায় সঙ্গে এক চারে ৪৬ বলে ৭৮ রান করলেন ম্যাককালাম।
জবাবে প্রথম ওভারে চার-ছক্কা মেরে আশা দেখিয়েছিলেন কুমিল্লার লিটন দাশ। আম্পায়ারের ভুলে জীবন পেয়েও তামিম ইকবাল আশাহত করেছেন সমর্থকদের।
হতাশা আরও আছে, এখানেই শেষ নয়। গ্রুপ পর্বে সেরা দল কুমিল্লা; টুর্নামেন্টের প্রায় শেষে নিয়ম বদলে না গেলে ফাইনালে উঠতো দলটি। ক্ষোভের কি আর শেষ আছে; তীরে এসে তরী ডোবা বলে কথা।