সারা বিশ্বের অগণিত নারীর রাজবধূ হওয়ার আকাঙ্ক্ষায় গুড়ে বালি দিলেন মার্কিন অভিনেত্রী মেগান মার্কেল। দীর্ঘ জল্পনা-কল্পনার পর অবশেষে রাজপুত্র প্রিন্স হ্যারির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ৩৬ বছর বয়সী এ অভিনেত্রী।
অবশ্য এজন্য তাদের অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত।
যুক্তরাজ্যের ক্লারেন্স রাজপ্রাসাদের বিবৃতিতে হ্যারি ও মেগানের বিয়ের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, চলতি মাসের প্রথম দিকে লন্ডনে রাজপুত্র হ্যারি ও অভিনেত্রী মেগানের বাগদান সম্পন্ন হয়েছে। বিষয়টি তিনি রানী ও তার পরিবারের সবাইকে জানিয়েছেন। বিবৃতিতে আরো বলা হয়, যুক্তরাজ্যের সিংহাসনের উত্তরাধিকারের ধারায় ৫ নম্বরে থাকা প্রিন্স হ্যারি আগামী বসন্তে মেগানকে বিয়ে করবেন। যুক্তরাজ্যে মার্চের ১ তারিখ থেকে বসন্তের শুরু। ৩৩ বছর বয়সী প্রিন্স হ্যারি নিজেও এক বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমি বাগদানের খবর ঘোষণা করতে পেরে অনেক আনন্দিত।’ তিনি জানান, এ সিদ্ধান্ত জানার পর মেগানের মা-বাবা তাদের আশীর্বাদ করেছেন।
২০১৬ সালের গ্রীষ্ম থেকে প্রেমপর্ব শুরু হলেও চলতি বছরের সেপ্টেম্বরে প্রথমবারের মতো হ্যারি-মেগান জুটি প্রকাশ্যে আসেন। মার্কিন টিভি সিরিজ স্যুইটসে অভিনয়ের জন্য পরিচিত মেগান মার্কেলের সঙ্গে হ্যারির সম্পর্কের শুরু গত বছরের জুলাই থেকে। সম্প্রতি ভ্যানিটি ফেয়ারকে দেয়া সাক্ষাত্কারে মেগান বলেন, ‘আমরা দুজনই খুব সুখে প্রেমময় সময় কাটাচ্ছি। গোপনে ছয় মাস প্রেম করার পর আমাদের প্রেম সংবাদে পরিণত হয়। আমি এ পুরোটা সময় কাজ করছিলাম। এ সময় শুধু একটা বিষয় পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে আমাদের সম্পর্কে মানুষের ধারণা।’
