অভিবাসী পরিবারগুলোকে বিচ্ছিন্ন করছেন না ট্রাম্প




বুধবার হোয়াইট হাউজে ওই নির্বাহী আদেশে সই করার পর ট্রাম্প বলেন, গ্রেপ্তার বাবা-মায়ের কাছ থেকে সন্তানদের বিচ্ছিন্ন করার দৃশ্য তিনি আর দেখতে চান না।
বৈধ কাগজপত্র ছাড়া যুক্তরাষ্ট্রে প্রবেশ করা বাবা-মায়ের কাছ থেকে সন্তানদের আলাদা রাখার নীতি আন্তর্জাতিক পর্যায়ে কঠোর সমালোচনার মুখে পড়ার পর ট্রাম্পের এই নির্বাহী আদেশ এল।
চাপের মুখে অভিবাসন নীতিতে পরিবর্তন আনলেও ট্রাম্প বলেছেন তার সরকার অবৈধ অভিবাসনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখবে এবং সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারীদের বিচার চালিয়ে যাবে।
এদিকে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্মকর্তাদের বরাতে বিবিসি লিখেছে, গত ৫ মে থেকে ৯ জুনের মধ্যে মোট ২২০৬ জন কারাবন্দি বাবা-মায়ের কাছ থেকে ২৩৪২ জন শিশুকে আলাদা করে আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে আগে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হলে প্রথমবার তাদের আদালতের মুখোমুখি করে ছেড়ে দেওয়া হত।
অ্যাটর্নি জেনারেলের কার্যালয় গত এপ্রিলে নতুন ‘জিরো টলারেন্স’ নীতি প্রকাশ করে, যেখানে সীমান্তে অবৈধ অনুপ্রেবেশকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার এবং কারাগারে পাঠানোর কথা বলা হয়।
কিন্তু শিশুদের যেহেতু কারাগারে রাখার নিয়ম নেই, তাদের আলাদাভাবে আশ্রয়কেন্দ্রে রাখার কথা বলা হয় সেখানে।
এরপর আশ্রয়কেন্দ্রে বেড়ার পাশে শিশুদের ঘুমিয়ে থাকার ছবি এবং তাদের কান্নার অডিও প্রকাশ হলে বিশ্বজুড়ে শুরু হয় সমালোচনা।
যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ও লরা বুশ ওই নীতির সমালোচনায় সরব হন।
মার্কিন ক্যাথলিক বিশপরা এক বিবৃতিতে বলেন, ট্রাম্প প্রশাসনের ওই নীতি ‘ক্যাথলিক মূল্যবোধের বিপরীত’ এবং ‘অনৈতিক’। পোপ ফ্রান্সিস জানান, তিনিও বিশপদের সঙ্গে একমত।