মঙ্গলবার নিজেদের বিনিয়োগকৃত ৩৭টি দেশের প্রবৃদ্ধির পূর্বাভাস হালনাগাদ করেছে ইউরোপের উন্নয়ন ব্যাংক ইউরোপিয়ান ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ইবিআরডি)। এতে তুরস্কের জন্য বিশেষ অনুকূল দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে।
এ বিষয়ে এক বিবৃতিতে ইবিআরডি জানিয়েছে, মধ্য, দক্ষিণ ও পূর্ব ইউরোপের যে দেশগুলোয় তাদের কার্যক্রম চলমান রয়েছে সেগুলোর অধিকাংশেরই প্রবৃদ্ধিই ত্বরান্বিত হয়েছে। সেই সঙ্গে মধ্য এশিয়া ও ভূমধ্যসাগরীয় অঞ্চলের প্রবৃদ্ধিতে গতি এসেছে।
তেলের মূল্য বাড়ার কারণে রাশিয়া ও মধ্য এশিয়া লাভবান হয়েছে। পাশাপাশি অন্য অঞ্চলগুলোয় উচ্চরফতানি, বিনিয়োগ ও মজুরি বাড়ার কারণে একটি আলোড়ন সৃষ্টি হয়েছে, যা ব্যাপকতর প্রবৃদ্ধি অর্জনে সাহায্য করেছে।
চলতি বছরের প্রথমার্ধে ইবিআরডি দেশগুলোর তিন-চতুর্থাংশেরই বার্ষিক প্রবৃদ্ধির হার বেড়েছে। ২০১০ সালের পর দেশগুলোর ক্ষেত্রে যা সর্বোচ্চ হার।
চলতি বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে গড় প্রবৃদ্ধির হার ছিল ৩ দশমিক ৩ শতাংশ, যা গত বছরের একই সময়ের ১ দশমিক ৯ শতাংশের চেয়ে বেশি।
২০১৭ সালের দ্বিতীয়ার্ধে পুনরায় দেশগুলো ৩ দশমিক ৬ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জনের প্রত্যাশা করছে বলে ইবিআরডি জানিয়েছে। তবে তুরস্কের জন্য সর্বোচ্চ পূর্বাভাসটিই দেয়া হয়েছে। ইবিআরডি প্রত্যাশা করছে, ২০১৭ সালে তুরস্কে ৫ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হবে। যা চলতি বছরের মে মাসের পূর্বাভাসে উল্লেখ করা ২ দশমিক ৬ শতাংশের দ্বিগুণ।
২০১৬ সালের শেষ দিকে তুরস্ক সরকারের গৃহীত ৭ হাজার ১০০ কোটি মার্কিন ডলারের প্রকল্পকে এ গতিবেগের পেছনের মূল কারণ হিসেবে দেখা হচ্ছে।
