করোনাভাইরাস সংক্রামণ ঠেকাতে জার্মানির বাভারিয়া রাজ্যে চলছে লকডাউন। এমন পরিস্থিতিতে অসুস্থ ছেলেকে দেখতে গিয়ে জরিমানা গুণতে হচ্ছে বায়ার্ন মিউনিখ ডিফেন্ডার জেরোম বোয়াটেংকে।
চার বছরের ছেলে হাসপাতালে ভর্তি ছিল। বাবাকে দেখার জন্যেই সে ছিল কাতর। সেই আবদার মেটাতে মিউনিখ থেকে বহু দূরের সেই হাসপাতালে ছুটে যান বোয়াটেং। ছেলের অসুস্থতা নিয়ে তিনি বলেছেন, ‘ছেলেটার শরীর খুব খারাপ ছিল। একজন ছেলে যদি বাবাকে দেখার জন্য আকুতি জানায়। সেটা যখনই হোক, আমি যাবোই।’
বোয়াটেং যে পরিস্থিতিতে জরিমানার মুখোমুখি হয়েছেন, তাতে তিনি মোটেও খুশি নন। বরং বিষয়টিকে বলেছেন দুঃখজনক।
বাস্তব পরিস্থিতির কথা তুলে ধরে জার্মান সংবাদমাধ্যম বিল্ডকে তিনি বলেছেন, ‘আমার ভুলটা ছিল আমি ক্লাবের কাউকে বিষয়টি জানাইনি। কিন্তু ওই মুহূর্তে আমার ভাবনায় শুধুই আমার ছেলে ছিল।’
ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারি বিধি-নিষেধ ভেঙেছেন বোয়াটেং। এ জন্য তাকে জরিমানা করা হলেও ক্লাব সেই অঙ্কটা প্রকাশ করেনি। তবে সেই অর্থ দিয়ে দেওয়া হবে মিউনিখের একটি হাসপাতালে।

