হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে মাশরাফি




হঠাৎ অসুস্থ হয়ে পড়ায়  হাসপাতালে যেতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। সকালে কফের সঙ্গে খানিকটা রক্ত আসায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে যান তিনি।
সেখানে ফুসফুসের পরীক্ষায় অবশ্য গুরুতর কোনো সমস্যা পাওয়া যায়নি।
এর আগে, সকালে অনুশীলন করার সময় হঠাৎ করে নাক দিয়ে রক্ত পড়া শুরু হয় মাশরাফির। তখন চিকিৎসার জন্য মাশরাফি রাজধানীর একটি হাসপাতালে যান। এ বিষয়ে মাশরাফি বা বিসিবির কারও মন্তব্য এখনও পাওয়া যায়নি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘গুরুতর কিছু হয়নি মাশরাফির। সকালে কফের সঙ্গে একটু রক্ত আসাতে সতর্কতাবশতই হাসপাতালে যান মাশরাফি। ফুসফুসের একটি পরীক্ষায় খারাপ কিছু পাওয়া যায়নি। তাঁকে হাসপাতালে ভর্তি হতে হবে না।’
এদিকে, জাতীয় দলের ক্রিকেটাররা চট্টগ্রামে প্রস্তুতি ক্যাম্প যোগ দিলেও মাশরাফি সেখানে যাননি। সামনে অস্ট্রেলিয়া সিরিজি প্রস্তুতিটা টেস্টের জন্য হওয়ায় ওয়ানডে দলের অধিনায়ক ঢাকাতেই ছিলেন।