মাইক্রোসফটের কল্যাণে দৃষ্টি প্রতিবন্ধীরা জানতে পারবে আশেপাশে কি রয়েছে। দৃষ্টি প্রতিবন্ধীদের সহায়তায় নতুন একটি আইওএস অ্যাপ উন্মোচন করেছে সংস্থাটি। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির এই অ্যাপটি দৃষ্টি প্রতিবন্ধীদের আশপাশে কি রয়েছে তা জানিয়ে দেয় বলে উল্লেখ করেছে ভারতীয় গণমাধ্যম আইএএনএস।
অ্যাপটির নাম দেওয়া হয়েছে ‘সিয়িং এআই’। অ্যাপটি কোন পার্কের দিকে মুখ করে রাখলে ক্যামেরার মাধ্যমে পার্কটি কেমন দেখতে তা বর্ণনা করা হবে। একইভাবে রেস্টুরেন্ট বিলের দিকে ক্যামেরা রাখলে তা বলে দেবে কতো বিল হয়েছে বা অন্য যে কোনো বস্তুর দিকে ক্যামেরা রাখলে অ্যাপটি তা বর্ণনা করে শোনাবে।
মাইক্রোসফট-এর পক্ষ থেকে বলা হয়, ‘এই বুদ্ধিদীপ্ত ক্যামেরা অ্যাপের মাধ্যমে আপনি শুধু ফোন ধরবেন এবং আশপাশের জগতের তথ্য শুনতে পাবেন। দৃশ্যমান জগতের একটি শ্রবণ অভিজ্ঞতা দেবে অ্যাপটি।’
তবে অ্যাপটির জন্য কোনো মূল্য নিচ্ছে না মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি।
এদিকে বুধবার প্রযুক্তিবিষয়ক খবরের সাইট সিনেটের এক প্রতিবেদনে জানানো হয়েছে, শুধু মাইক্রোসফট নয় অ্যাপল, গুগল, ফেইসবুক এবং অ্যামাজনও একই ধরনের প্রকল্পে কাজ করছে।
