আইএসের বিরুদ্ধে আরো অনেক কিছু করার আছে: ট্রাম্প




মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসলামিক স্টেট গ্রুপ বিরোধী যুদ্ধে আরো অনেক কিছু করার রয়েছে বলে সতর্ক করতে যাচ্ছেন। তিনি মঙ্গলবার তার স্টেট অব ইউনিয়ন ভাষণে এ বিষয়ে সতর্ক করবেন বলে জানা গেছে।
বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন নেতৃত্বাধীন জোট ইরাক ও সিরিয়া ভূ-খন্ডের প্রায় শতভাগ এলাকা আইএস মুক্ত করেছে বলে ট্রাম্প ঘোষণা দেবেন। এক সময় দেশ দু’টির বিশাল এলাকা এ জঙ্গি গ্রুপের দখলে ছিল।
এ যুদ্ধক্ষেত্রে মার্কিন সৈন্যের উপস্থিতি অব্যাহত রাখার ব্যাপারে তার প্রশাসনের যুক্তি তুলে ধরে তিনি আরো বলবেন, ‘এক্ষেত্রে আরো অনেক কিছু করার রয়েছে।’
২০১১ সালে ইরাক থেকে সৈন্য প্রত্যাহার করে নেয়ার ব্যাপারে তার পূর্বসূরি বারাক ওবামার ভুলের কথা তুলে ধরে এ ব্যাপারে তার নিজের পর্যবেক্ষণ তুলনা করে অঙ্গীকার ব্যক্ত করে বলবেন, ‘আইএসআইএস’কে পরাজিত না করা পর্যন্ত তাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে।’
এছাড়া, নতুন প্রশাসনের বিভিন্ন নীতি ও কর্মকাণ্ডে ডেমোক্রেট এবং রিপাবলিকানদের তিক্ত দ্বন্দ্বে বছর পেরিয়ে যাওয়ার পর দুই দলকে অভিবাসন ও অবকাঠামোসহ বিভিন্ন বিষয়ে সমঝোতা এবং একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, পার্থক্যগুলোকে সরিয়ে রেখে একমত হওয়ার জায়গা খুঁজে নিতে আজ রাতে আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি; যাদের হয়ে আমরা নির্বাচিত হয়েছি সেই জনগণের সেবার জন্যই ওই একতাকে এগিয়ে নিয়ে যেতে হবে।
দায়িত্ব নেওয়ার বছরপূর্তিতে মার্কিন প্রেসিডেন্টদের কংগ্রেসে এই স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দিতে হয়। এবার এমন এক সময়ে ট্রাম্প এ ভাষণ দিলেন যখন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় তার শিবিরের সঙ্গে রাশিয়ার সংযোগ নিয়ে জোর তদন্ত চলছে।
দায়িত্বের প্রথম বছরের কর্মকাণ্ডে নাগরিকদের সন্তুষ্টির পরিমাণের দিক থেকেও ট্রাম্পের অবস্থান অন্য মার্কিন প্রেসিডেন্টদের নিচে। জরিপ সংস্থা গ্যালোপের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বছর শেষে ট্রাম্পের কাজে নাগরিকদের সন্তুষ্টির হার মাত্র ৩৮ শতাংশ বলে জানানো হয়েছে।
প্রথম বছর শেষে ওবামার কাজে নাগরিকদের সন্তুষ্টির হার ছিল ৪৯ দশমিক ১ শতাংশ। ট্রাম্প যখন দুই দলকে কাছাকাছি আসার আহ্বান জানাচ্ছেন তখনও ডেমোক্রেট এবং রিপাবলিকান আইনপ্রণেতাদের মধ্যে বিরোধ স্পষ্ট।