আইএস সংশ্লিষ্টতার অভিযোগে ১৪০ জনকে খুঁজছে শ্রীলঙ্কার পুলিশ


paperslife

ইস্টার সানডের সকালে সিরিজ বোমা হামলার পর ইসলামিক স্টেটের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ১৪০ জন শ্রীলঙ্কান নাগরিককে খুঁজছে দেশটির পুলিশ।

আজ শুক্রবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।

সাংবাদিকদের তিনি বলেন, শ্রীলঙ্কার কিছু তরুণ ২০১৩ সাল থেকে ইসলামিক স্টেটের সঙ্গে যুক্ত বলে তথ্য রয়েছে পুলিশের কাছে। এ পর্যন্ত যে তথ্য আমরা পেয়েছি তাতে শ্রীলঙ্কার ১৪০ জন নাগরিক এইএসের সঙ্গে জড়িত থাকতে পারে। পুলিশ তাদের গ্রেপ্তার করার জন্য খুঁজছে।

আইএস ইতোমধ্যে ইস্টার সানডের হামলার দায় স্বীকার করে একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে আটজনকে ওই জঙ্গি দলের প্রতি আনুগত্য প্রকাশ করতে দেখা গেছে। আইএসের দাবি, ওই আটজনই সেদিন আত্মঘাতী হামলায় অংশ নিয়েছিলেন।

এদিকে শ্রীলঙ্কা সরকার বলেছে, হামলায় এক নারীসহ মোট নয়জনের অংশ নেওয়ার তথ্য রয়েছে তাদের কাছে, তাদের সবাই শ্রীলঙ্কার নাগরিক।

প্রাথমিকভাবে স্থানীয় দুই উগ্রপন্থি ইসলামিক দল ন্যাশনাল তাওহীদ জামাত (এনটিজে) ও জমিয়াতুল মিল্লাতু ইব্রাহীমকে ঘিরে তদন্ত এগিয়ে নেওয়া হলেও সংগঠন দুটি শ্রীলঙ্কার বাইরে থেকে সহযোগিতা পেয়েছে বলে মনে করছে দেশটির সরকার। এক্ষেত্রে আইএস এর জড়িত থাকার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল ইস্টার সানডের সকালে তিনটি গির্জা ও চারটি হোটেলে একযোগে ওই আত্মঘাতী হামলায় অন্তত ২৫৩ জন নিহত হন, আহত হন পাঁচ শতাধিক মানুষ।