“আইন অনুযায়ী গ্রেফতার করা হয়েছে এ্যানিকে; নির্যাতনের অভিযোগ অসত্য”



বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির গ্রেফতার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এ্যানিকে আইন অনুযায়ী গ্রেফতার করা হয়েছে এবং তার বাসার কোনো দরজা ভাঙা হয়নি।

আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সত্যেন সেন শিল্পী গোষ্ঠী আয়োজিত শরৎ উৎসবের অনুষ্ঠান শেষে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

তিনি বলেন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নামে লক্ষ্মীপুরে দুটি মামলা ছিল। তিনি জামিন নেননি; তাই তাকে গ্রেফতার করা হয়েছে। আদালতকে আকৃষ্ট করতে মিথ্যা বলেছেন তিনি। যারা ওয়ারেন্টভুক্ত আসামি, তাদের কোর্টে গিয়ে জামিন নিতে হয়। কিন্তু তিনি জামিন নেননি। এজন্য পুলিশ তাকে ধরতে যায়। এটা পুলিশের কর্তব্য। কিন্তু তাকে দরজা ভেঙে ধরে আনা হয়েছে, এটা মিথ্যা।

আরও পড়ুনঃ “সিন্ডিকেট ধরা যায় না, অধরা থেকে যায়”

মন্ত্রী বলেন, তাকে ধরতে গিয়ে পুলিশ তাকে এবং তার আত্মীয়-স্বজনকে অনুরোধ করেছিল দরজা খুলে দিতে। কিন্তু দরজা না খোলাতে পুলিশ দরজায় ধাক্কা দেয়, জোর করে দরজা ভাঙেনি বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আদালতকে আকৃষ্ট করতে এ্যানি মিথ্যা বলেছেন দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ্যানি সাহেব নির্যাতনের অভিযোগ করেছেন। কিন্তু সিসি ক্যামেরায় তার কোনো আলামত নেই। তাকে যে সাদা পোশাক পরা অবস্থায় আনা হয়েছিল, এখনো সেই অবস্থায় আছেন। তাহলে কীভাবে তাকে নির্যাতন করা হলো?