বাঙালি জাতি কয়েক হাজার বছরের পুরনো ঐতিহ্যবাহী অনন্য সংস্কৃতির এক গর্বিত জাতি। এই জাতির যাপিত জীবনের সঙ্গে জড়িয়ে আছে প্রায় ৬০০ রকমের বাদ্যযন্ত্র ব্যবহারের গৌরব উজ্জ্বল ইতিহাস। বর্তমানে সংগীতে পাশ্চাত্য যন্ত্রের অতিমাত্রিক ব্যবহার এবং দেশীয় বাদ্যযন্ত্রের প্রতি উদাসীনতার ফলে হারিয়ে যেতে বসেছে আবহমান বাংলার ঐতিহ্যবাহী এইসব বাদ্যযন্ত্র এবং যন্ত্রসংগীত।
বাংলার বাদ্যযন্ত্র ও যন্ত্রসঙ্গীতকে রক্ষা ও মানসম্মত চর্চাসহ নতুন প্রজন্মকে আমাদের দেশীয় বাদ্যযন্ত্রে আগ্রহী করে তোলা প্রথমবারের অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জাতীয় যন্ত্রসংগীত উৎসব’। রাজধানীর শিল্পকলা একাডেমিতে আগামীকাল ইংরেজি নতুন বছরের শুরুর দিন থেকে শুরু হচ্ছে ‘জাতীয় যন্ত্রসংগীত উৎসব ২০১৮’ শিরোনামের এই উৎসব।
গতকাল দুপুরে একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
এসময় এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন একাডেমির সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী, চারুকলা বিভাগের পরিচালক শিল্পী মনিরুজ্জামান প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, একাডেমি প্রাঙ্গণের নন্দন মঞ্চে বিকেল ৪টায় ১০ দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন স্বনামধন্য গিটার বাদক এনামুল কবির। সভাপতিত্ব করবেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। স্বাগত বক্তব্য রাখবেন সরকারি সংগীত কলেজের শিক্ষক ও উৎসবের কো-অর্ডিনেটর কমল খালিদ।
সংবাদ সম্মেলনে লিয়াকত আলী লাকী বলেন, বাঙালির যাপিত জীবনের সঙ্গে প্রায় ৬০০ রকমের বাদ্যযন্ত্র ব্যবহারের গৌরবোজ্জ্বল ইতিহাস আছে। কিন্তু বর্তমান সংগীতে পাশ্চাত্য যন্ত্রের অতিমাত্রিক ব্যবহার, অপর দিকে দেশীয় যন্ত্রের প্রতি উদাসীনতার ফলে হারিয়ে যাচ্ছে আমাদের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র। এর সঙ্গে সংযুক্ত যন্ত্রশিল্পীরা দীর্ঘদিন চর্চা করেও বাদ্যযন্ত্র পরিবেশনার সুযোগের অভাবে চর্চার আগ্রহ হারাচ্ছে। অন্যদিকে ক্রেতা ও সঠিক মূল্য না পাওয়ায় বাদ্যযন্ত্রের প্রস্তুতকারক ও মেরামতকারীরা পেশা পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। বাংলার বাদ্যযন্ত্র ও যন্ত্রসংগীতকে রক্ষা ও মানসম্মত চর্চাসহ নতুন প্রজন্মকে আমাদের দেশীয় বাদ্যযন্ত্রে আগ্রহী করে তোলা এই উৎসবের মূল লক্ষ্য।
প্রতিদিন ৪ থেকে ৭টি জেলার যন্ত্রশিল্পীরা অংশগ্রহণ ও বাদ্যযন্ত্র পরিবেশনাসহ জাতীয় শিল্পীদের পরিবেশনা থাকবে। উৎসবের ৬ষ্ঠ দিন ৬ জানুয়ারি বেলা ১১টায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ‘বাংলা ও বাঙালির বাদ্যযন্ত্র’ শীর্ষক সেমিনার হবে।
