আগামীকাল শুক্রবার দেশের প্রায় ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান অভিনীত ‘শাহেনশাহ’। গত বছর ঈদুল ফিতরে ছবিটি মুক্তির কথা ছিল। কিন্তু তা সম্ভব না হওয়ায় ঈদুল আজহায় মুক্তির সিদ্ধান্ত নেয় নির্মাতা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। কিন্তু সেবারও সম্ভব হয়নি।
এই ছবির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ব্যবস্থাপক রেজাউল করিম বলেন, ‘শেষ মুহূর্ত পর্যন্ত প্রেক্ষাগৃহের সংখ্যা শ খানেক হতে পারে।’
শাহেনশাহ ছবিতে শাকিব খানের সঙ্গে প্রথম জুটি বেঁধে অভিনয় করছেন নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাত।
শাহেনশাহ ছবিতে আরও অভিনয় করেছেন আহম্মেদ শরীফ, মিশা সওদাগর, অমিত হাসান, সিবা শানু, ডন প্রমুখ।
নুসরাত ফারিয়া বলেন, ‘এর আগে বেশ কয়েকবার মুক্তির তারিখ নির্ধারিত হয়েও মুক্তি পায়নি ছবিটি। এবার মুক্তি পাচ্ছে। খুব ভালো লাগছে। শাকিবের সঙ্গে আমার প্রথম ছবি এটি। কিন্তু অন্য ছবির শুটিং থাকায় হলে গিয়ে ছবিটি দেখার সুযোগ হবে না। প্রচারও করতে পারছি না ঠিকমতো।’

