কুড়িগ্রামের নাগেশ্বরীতে আগুনে পুড়ে ছাই হয়েছে নয়টি পরিবারের ঘরবাড়ি। শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে দশটার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নে সাতানি পাড়া গ্রামে এ অগ্নিকান্ড ঘটে। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
ঘটনার পরপরই শুক্রবার রাতে সন্তোষপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিয়াকত আলী লাকু, নাগেশ্বরী থানার অফিসার্স ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের ত্রাণ সহায়তা প্রদান করেন।

সন্তোষপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিয়াকত আলী লাকু জানান, ইউনিয়নের সাতানিপাড়া গ্রামে রাতে অগ্নিকান্ডের ঘটনায় ওই গ্রামের আহম্মদ আলী, নুর ইসলাম, নুর মোহাম্মদ, নূর আমীন, নুর হোসেন, আব্দুল লতিফ, আল আমিন, কফিল উদ্দিন ও হাফিজুর ইসলাম নামে নয় ব্যাক্তির বাড়ি ঘর পুড়ে যায়। এতে প্রায় দশ লক্ষ টকার ক্ষয় ক্ষতি হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কোন মানুষ ও গবাদি পশুর ক্ষয় ক্ষতি হয়নি।
কিভাবে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানান চেয়ারম্যান।

এদিকে শনিবার সকালে নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্থ প্রতি পরিবারকে নগদ পাঁচ হাজার করে টাকা ও খাদ্য সহায়তা প্রদান করেন। এসময় তারা ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে টিন বরাদ্দ দেয়ার আশ্বাস দেন।
পেপার’স লাইফ /খবর/কুড়িগ্রাম প্রতিনিধি,চন্দন কুমার সরকার

