মৌসুমি বায়ুর প্রভাবে শুক্রবার দেশের প্রায় সব জেলাতেই এদিন মাঝারি থেকে ভারি বর্ষণ হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শনিবার ও আগামীকাল রবিবারও ভারি বর্ষণ হবে।
চলতি বর্ষা মৌসুমে প্রথমবারের মতো ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে কক্সবাজারে। ঢাকায় গতকাল বৃষ্টি রেকর্ড করা হয়েছে ৮৯ মিলিমিটার। সকাল ১১টা থেকে টানা দুপুর ১টা পর্যন্ত ঝুম বৃষ্টি হয়েছে। রাজধানীর ফার্মগেট, শান্তিনগর, শেওড়াপাড়াসহ বিভিন্ন স্থানে দেখা দেয় জলাবদ্ধতা।
এছাড়া বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য বলছে, আগামী ১০ দিনের পূর্বাভাসে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলেছে, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি বাড়তে পারে। এই সময় কোনো কোনো জায়গায় পানি সমতল থেকে বৃদ্ধি পেয়ে বিপত্সীমার ৫০ সেন্টিমিটারের মধ্যে আসতে পারে। তবে ব্রহ্মপুত্র ও যমুনা নদীর অববাহিকায় বন্যা হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
আবহাওয়া অফিসের তথ্য বলছে, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জেলায় আজ শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এ ছাড়া ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জেলায় মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
বিশেষ করে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। আগামী দুই দিন আবহাওয়ার এই অবস্থা হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

