প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালি ও ভ্যাটিকান সিটিতে চারদিনের সরকারি সফর শেষে আজ সন্ধ্যায় দেশে ফিরেছেন।
ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে রাত সোয়া ৮টার দিকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।
এরআগে, প্রধানমন্ত্রী স্থানীয় সময় বেলা ১টা ৩৫ মিনিটে ঢাকার উদ্দেশে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। ইউএই-তে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. ইমরান প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
প্রধানমন্ত্রী ইতালি ও ভ্যাটিকান সিটিতে ৪ দিনের সরকারি সফর শেষ করে স্থানীয় সময় বুধবার সকাল ১০টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোররাত ৩টা) আবুধাবির উদ্দেশে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
ইতালিতে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক কৃষি উন্নয়ন সংস্থা (ইফাদ)-এর প্রেসিডেন্ট গিলভার্ড হুয়াংবো’র আমন্ত্রণে ইফাদের পরিচালনা পর্ষদের বার্ষিক বৈঠকে যোগদান করেন।
পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে শেখ হাসিনা হলি সি (ভ্যাটিকান সিটি) সফর করেন এবং পোপ ও সেক্রেটারি স্টেট অব ভ্যাটিকান সিটি কার্ডিনাল পিয়েত্রো প্যারোলিনের সঙ্গে বৈঠক করেন।
