কয়েক বছরের মধ্যে শুধু ২০১৫ সালের তৃতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী স্বর্ণের চাহিদা বেড়েছিল। নিম্নমুখিতার ধারাবাহিকতায় চলতি বছরের তৃতীয় প্রান্তিকেও মূল্যবান ধাতুটির বৈশ্বিক চাহিদা আট বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৯ শতাংশ কম। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (ডব্লিউজিসি) সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ডব্লিউজিসির প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর সময়কালে স্বর্ণের মোট বৈশ্বিক চাহিদা ছিল ৯১৫ টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৮৬ দশমিক ১ টন বা ৯ শতাংশ কম। ২০১৬ সালের তৃতীয় প্রান্তিকে মূল্যবান ধাতুটির মোট বৈশ্বিক চাহিদা ছিল ১ হাজার ১ দশমিক ১ টন। আট বছরের মধ্যে তৃতীয় প্রান্তিকে এটা পণ্যটির সর্বনিম্ন বৈশ্বিক চাহিদা। এ সময় অলঙ্কার হিসেবে স্বর্ণের বৈশ্বিক চাহিদা আগের বছরের তুলনায় ৩ শতাংশ কমেছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে স্বর্ণালঙ্কারের বৈশ্বিক চাহিদা ছিল ৪৭৯ টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৬ টন কম। ২০১৬ সালের জুলাই-সেপ্টেম্বর সময়কালে স্বর্ণালঙ্কারের বৈশ্বিক চাহিদা ছিল ৪৯৫ টন। অন্যদিকে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে স্বর্ণের বার ও কয়েনের বৈশ্বিক চাহিদা আগের বছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ বেড়েছে। এ সময় বার ও কয়েন বাবদ স্বর্ণের চাহিদা ছিল ২২২ দশমিক ৩ টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩২ দশমিক ১ টন। ২০১৬ সালের জুলাই-সেপ্টেম্বর সময়কালে বার ও কয়েন বাবদ স্বর্ণের বৈশ্বিক চাহিদা ছিল ১৯০ দশমিক ২ টন।
মূলত অন্যতম শীর্ষ ভোক্তা দেশ চীনে বার ও কয়েন বাবদ পণ্যটির বাড়তি চাহিদা মোট বৈশ্বিক চাহিদার পরিমাণ বাড়াতে ভূমিকা রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে চীনে বার ও কয়েন বাবদ স্বর্ণের চাহিদা ছিল ৬৪ দশমিক ৩ টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫৭ শতাংশ বেশি। ২০১৬ সালের জুলাই-সেপ্টেম্বর সময়কালে চীনে বার ও কয়েন বাবদ স্বর্ণের চাহিদা ছিল ৪১ টন। সেই হিসাবে এক বছরের ব্যবধানে চাহিদার পরিমাণ বেড়েছে ২৩ দশমিক ৩ টন। এদিকে চীনে বাড়লেও এ সময় ভারতে বার ও কয়েন বাবদ স্বর্ণের চাহিদা ছিল সাকল্যে ৩১ টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৩ শতাংশ কম। ২০১৬ সালের জুলাই-সেপ্টেম্বর সময়কালে ভারতে বার ও কয়েন বাবদ স্বর্ণের চাহিদা ছিল ৪০ দশমিক ১ টন। সেই হিসাবে এক বছরের ব্যবধানে চাহিদার পরিমাণ কমেছে ৯ দশমিক ৩ টন।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০০৯ সালের তৃতীয় প্রান্তিকে স্বর্ণের বৈশ্বিক চাহিদা ছিল ৮৭৮ দশমিক ৯ টন। এর পরের দুই বছর পণ্যটির বৈশ্বিক চাহিদা বেড়েছিল। ২০১০ ও ২০১১ সালের তৃতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী স্বর্ণের চাহিদা ছিল যথাক্রমে ১ হাজার ৫৪ দশমিক ৪ ও ১ হাজার ২৫৬ দশমিক ৫ টন। এক দশকের মধ্যে ২০১১ সালে পণ্যটির বৈশ্বিক চাহিদা সর্বোচ্চে পৌঁছেছিল। ২০১২ সালে এসে পণ্যটির বৈশ্বিক চাহিদা ফের কমে যায়। এ সময় এর পরিমাণ দাঁড়ায় ১ হাজার ১৬৭ দশমিক ৭ টনে। এরপর থেকে (২০১৫ সাল বাদে) স্বর্ণের বৈশ্বিক চাহিদায় নিম্নমুখী প্রবণতা বজায় রয়েছে। ২০১৩ সালের তৃতীয় প্রান্তিকে পণ্যটির বৈশ্বিক চাহিদার পরিমাণ ছিল ১ হাজার ৭২ দশমিক ৬ টন। পরের বছর এর পরিমাণ আরো কমে ১ হাজার ৫৯ দশমিক ২ টনে দাঁড়ায়। ২০১৫ সালে এসে পণ্যটির বৈশ্বিক চাহিদা একদফা বেড়েছিল। এ বছরের জুলাই-সেপ্টেম্বর সময়কালে বিশ্বব্যাপী স্বর্ণের চাহিদা ছিল ১ হাজার ১১২ দশমিক ৫ টন। পরের বছরের একই সময় এর পরিমাণ ফের কমে ১ হাজার ১ দশমিক ১ টনে দাঁড়ায়। সেই হিসাবে এক বছরের ব্যবধানে চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর সময়কালে স্বর্ণের বৈশ্বিক চাহিদা কমেছে প্রায় ৮৬ টন।
