আনিসুল হকের মরদেহ আসছে আজ




আজ শনিবার ঢাকায় আসছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের মরদেহ । বেলা একটার দিকে তাঁর মরদেহ বহনকারী বাংলাদেশ বিমানের বিজি ০০২ নম্বর ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
মেয়রের একান্ত সচিব আবরাউল হাসান এ তথ্য জানান।
আবরাউল হাসান বলেন, মেয়রের মরদেহের সঙ্গে দেশে আসছেন তাঁর স্ত্রী রুবানা হক, ছেলে নাভিদুল হক, দুই মেয়ে ওয়ামিক উমায়রা ও তানিশা ফারিয়াম্যান হক। বিমানবন্দর থেকে আনিসুল হকের মরদেহ বনানীর ২৩ নম্বর সড়কে অবস্থিত তাঁর বাসভবনে আনা হবে। সেখান থেকে বিকেলে আর্মি স্টেডিয়ামে আনার পর বাদ আসর জানাজা হবে। এরপর আনিসুল হকের মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হবে।
বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, মেয়রের মরদেহ বাংলাদেশ বিমানের বিজি ০০২ নম্বর ফ্লাইটে ঢাকায় অবতরণের নির্ধারিত সময় বেলা ১টা ১০ মিনিট। উড়োজাহাজটি বাংলাদেশ সময় রাত দুইটার দিকে হিথ্রো বিমানবন্দর ছেড়ে যায়। এটি সিলেট হয়ে ঢাকায় আসবে।
এ সময় বিমানবন্দরে যাঁরা উপস্থিত থাকবেন বলে কথা রয়েছে, তাঁরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, আনিসুল হকের ছোট ভাই সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মো. শফিউল হক।
আরও পড়ুন;
লন্ডনে আনিসুল হকের জানাজা আজ
মেয়র আনিসুল হক আর নেই
অসুস্থ হয়ে লন্ডনে হাসপাতালে মেয়র আনিসুল    
দ্রুত সমাধানের পথ নেই: আনিসুল হক     
মশারি নিয়ে মন্তব্য: দুঃখ প্রকাশ করলেন মেয়র    
২৪ ঘন্টার মধ্যে ঢাকা সাফ করার আশ্বাস মেয়রের    
ধুলাবালি রোধে দক্ষিণ সিটি করপোরেশনের অভিনব পদক্ষেপ