আনুশকার পর দীপিকার বিয়েতেও সাজাবেন সব্যসাচী




আনুশকা শর্মার বিয়ের রেশ কাটতে না কাটতেই ফের বি-টাউনে বিয়ের গুঞ্জন আরেক নায়িকার। পাত্রী এ বার দীপিকা পাড়ুকোন। আসলে, কয়েকদিন আগে নিজের জন্মদিন সেলিব্রেট করতে মালদ্বীপে গিয়েছিলেন নায়িকা।
বলি মহলের গুঞ্জন, সেখানে তাঁর সঙ্গে ছিলেন বয়ফ্রেন্ড রণবীরও। সেখানে নাকি এনগেজমেন্টও সেরে ফেলেছেন দীপিকা-রণবীর!
জন্মদিনে নাকি দীপিকাকে হীরের নেকলেস এবং সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা একটি দামী শাড়ি উপহার দিয়েছে রণবীরের বাবা-মা।
সম্প্রতি নেহা ধুপিয়ার শো ‘ভোগ বিএফএফ’-এ গিয়েছিলেন দীপিকা। ওই শো-তেই নাকি বিয়েতে সব্যসাচী ‘ব্রাইড’ হওয়ার কথা বলেছেন দীপিকা। ওই সূত্রের দাবি, দীপিকাকে প্রশ্ন করা হয়েছিল, বিয়ের পোশাকের জন্য সব্যসাচী মুখোপাধ্যায় ও মণীশ মলহোত্রর মধ্যে কোন ডিজাইনারকে বেছে নেবেন তিনি। সেখানেই নাকি সব্যসাচীর নাম বলেছেন অভিনেত্রী।
এদিকে কিছুদিন আগেই ‘এল’ ম্যাগাজিনের জন্য ফোটো শুটে সব্যসাচীর ডিজাইনের পোশাক পরেছিলেন দীপিকা। এর আগেও বেশ কয়েকবার সব্যসাচীর ডিজাইনের প্রচার করেছেন তিনি। তাই সব্যসাচীর সঙ্গে তাঁর কেমিস্ট্রি যে ভাল, তা আর বলার অপেক্ষা রাখে না।