মালয়েশিয়ার একটি আন্তর্জাতিক গণআদালত রোহিঙ্গা নির্যাতন, গণহত্যা, মানবাধিকার লঙ্ঘনের দায়ে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি ও সেনাপ্রধান মিন অং হাইং-কে দোষী সাব্যস্ত করেছে।
শুক্রবার রোমভিত্তিক সংগঠন পার্মানেন্ট পিপলস ট্রাইব্যুনালের (পিপিটি) সাত ‘বিচারকের’ প্যানেল এই প্রতীকী রায় ঘোষণা করে।
মিয়ানমারের রোহিঙ্গা, কাচিন, কারেনসহ বিভিন্ন সংখ্যালঘু জাতিগোষ্ঠীর ২০০ মানুষের জবানবন্দি শুনে এবং বিভিন্ন তথ্যচিত্র ও বিশেষজ্ঞ মতামত পর্যালোচনা করে এ রায় দেয়া হয়েছে।
কুয়ালালামপুরে মালয় বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে ৪ দিনের শুনানি শেষে শুক্রবার এই প্রতীকী বিচারের রায় ঘোষণা করা হয়। শুনানিতে অংশ নিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধি ও মানবাধিকার কর্মীরা তাদের মতামত তুলে ধরেন। আদালতে বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে রোহিঙ্গাদের ওপর বর্বর নির্যাতনের প্রমাণ তুলে ধরার পাশাপাশি, চলমান সঙ্কট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হয়। চূড়ান্ত রায় ঘোষণাকালে বিচারকরা জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বাধীন কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়নে মিয়ানমারের সরকারের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে রোহিঙ্গা সঙ্কট ইস্যুতে বাংলাদেশ সরকারের ভূমিকার প্রশংসা করে ঢাকার পাশে দাঁড়াতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জেনোসাইড স্কলারসের প্রেসিডেন্ট দানিয়েল ফিয়েরেস্তেইন বলেন, রাখাইনে যা কিছু হচ্ছে জাতিসংঘের নিয়ম অনুযায়ী তা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। অং সান সু চি, মিয়ানমারের সেনাপ্রধান ও সামরিক বাহিনীর কর্মকর্তারা কিছুতেই এর দায় এড়াতে পারেন না। আমাদের সবার দৃষ্টিতে রোহিঙ্গা মুসলমানদের গণহত্যার জন্য তারা দোষী।’
মালয়েশিয়ার স্টার অনলাইনের প্রতিবেদনে বলা হয়, মালয় ইউনিভার্সিটির আইন অনুষদে গত ১৮ সেপ্টেম্বর থেকে পাঁচ দিন এই গণ আদালতের শুনানি চলে।
অবশ্য এই প্রতীকী বিচারের রায় মানার কোনো আইনি বাধ্যবাধকতা কারও নেই। বিভিন্ন দেশে যুদ্ধাপরাধ তদন্ত-প্রক্রিয়ায় যুক্ত আইনবিদ, অধিকারকর্মী ও গবেষকরা এই গণ আদালতে মিলিত হয়েছিলেন মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর চলমান দমনাভিযান বন্ধের দাবি নিয়ে।
পিপলস ট্রাইব্যুনালের আমন্ত্রণে বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হকও এই শুনানিতে বিবৃতি দেন। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে কক্সবাজারে রোহিঙ্গাদের কয়েকটি আশ্রয়কেন্দ্র ঘুরে দেখার অভিজ্ঞতা তিনি কুয়ালালামপুরে তুলে ধরেন।
ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জেনোসাইড স্কলারসের সাবেক সভাপতি দানিয়েল ফিয়েরেস্তেইন ছাড়াও এই ট্রাইব্যুনালের বিচারক প্যানেলে ছিলেন ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্ত-প্রক্রিয়ায় যুক্ত মালয়েশীয় অধিকারকর্মী জুলাইহা ইসমাইল, ঢাকার সেন্টার ফল স্টাডি অব জেনোসাইড অ্যান্ড জাস্টিসের উপদেষ্টা কম্বোডীয় আইনজীবী হেলেন জার্ভিস, অস্ট্রেলিয়ার মেকুইয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক প্রধান গিল এইচ বোয়েরিঙ্গার, ইন্দোনেশিয়ার মানবাধিকার আইনজীবী নুরসিয়াবানি কাতজাসুংকানা, ইরানের মানবাধিকার কর্মী আইনজীবী সাদি সদর এবং ইতালির সুপ্রিম কোর্টের সলিসিটর জেনারেল নেল্লো রোসি।
