গতকাল আন্তর্জাতিক বাজারে তামার দাম কমে প্রায় আট সপ্তাহের সর্বনিম্নে নেমে এসেছে। মূলত বেচাকেনার তুলনায় সরবরাহ বেড়ে যাওয়ার জের ধরে এলএমইতে তামার দামে মন্দাভাব দেখা দিয়েছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। অনেকটা একই চিত্র দেখা গেছে অন্যান্য ব্যবহারিক ধাতুর বাজারেও।
এলএমইতে এদিন দিন শেষে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন তামা বিক্রি হয় ৬ হাজার ৮৮০ ডলারে। দিনের শুরুতে ব্যবহারিক ধাতুটির দাম আগের দিনের তুলনায় ২ দশমিক ৮ শতাংশ কমে টনপ্রতি ৬ হাজার ৮০৯ ডলারে নেমে এসেছিল, যা ২০১৭ সালের ১৫ ডিসেম্বরের পর সর্বনিম্ন।
এলএমইর ওয়্যারহাউজে এদিন সবমিলে ২৫ হাজার ৭০০ টন তামা সরবরাহ হয়েছে, যা পণ্যটির গত তিন সপ্তাহের গড় সরবরাহের তুলনায় ৭৫ শতাংশ বেশি। পণ্যবাজারবিষয়ক বিশ্লেষক ওয়াং তাও বলেন, এলএমইতে হঠাৎ করে তামার সরবরাহ বেড়ে যাওয়ার জের ধরে দিনের শুরুতে ব্যবহারিক ধাতুটির বাজারে বড় ধরনের দরপতন দেখা দেয়। দিনের শেষ নাগাদ পণ্যটির বাজার পরিস্থিতি কিছুটা ঘুরে দাঁড়িয়েছে।
এদিকে এলএমইতে এদিন ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন দস্তা বিক্রি হয় ৩ হাজার ৪০৫ ডলারে, যা আগের দিনের তুলনায় দশমিক ৭ শতাংশ কম। একই চিত্র দেখা গেছে অ্যালুমিনিয়াম, নিকেল ও টিনের বাজারেও।
গতকাল দিন শেষে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন অ্যালুমিনিয়াম বিক্রি হয় ২ হাজার ১৪৮ ডলারে, যা গত ২২ ডিসেম্বরের পর সর্বনিম্ন। এদিন নিকেলের দাম আগের দিনের তুলনায় ১ শতাংশ কমেছে। দিন শেষে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন নিকেল বিক্রি হয় ১৩ হাজার ৪০ ডলারে।
