যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের শীর্ষপদে পরিবর্তন নিয়ে জল্পনা-কল্পনা চলছে। এরই মধ্যে মার্কিন কংগ্রেসে ২০১৮ সালের বাজেটে ডেমোক্র্যাটদের আপত্তি সত্ত্বেও বড় ধরনের কর ছাড়ের পরিকল্পনা পাসে তোড়জোড় শুরু করছেন রিপাবলিকানরা। এর জের ধরে ডলারের বিনিময় মূল্য চাঙ্গা হয়ে উঠেছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে নিম্নমুখী প্রবণতা বজায় রয়েছে।
গতকাল যুক্তরাষ্ট্রে তাত্ক্ষণিক সরবরাহ চুক্তিতে প্রতি আউন্স স্বর্ণের দাম কমেছে আগের দিনের তুলনায় দশমিক ৪ শতাংশ। এদিন প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয় ১ হাজার ২৮৪ ডলার ৬ সেন্টে, যা পণ্যটির গত সপ্তাহের গড় মূল্যের তুলনায় ১ দশমিক ৬ শতাংশ কম। অন্যদিকে ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয় ১ হাজার ২৮৫ ডলার ৫০ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৩ শতাংশ কম।
আগামী ফেব্রুয়ারিতে ফেডের প্রধান হিসেবে জ্যানেট ইয়েলেনের মেয়াদ শেষ হবে। এ পদে তাকে পুনর্নিয়োগ নিয়ে সংশয় রয়েছে। কেননা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক খুব একটা মধুর নয়। মার্কিন বাজার বিশেষজ্ঞ ক্রেইগ আর্লেম বলেন, ফেডারেল রিজার্ভের শীর্ষপদে তুলনামূলক কট্টরপন্থী কাউকে নিয়োগের সম্ভাবনায় আগামী বছর সুদহার বাড়ানোর সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে জাতীয় বাজেটে কর ছাড়ের পরিকল্পনায় ডেমোক্র্যাটদের সায় না থাকা সত্ত্বেও রিপাবলিকানদের তোড়জোড় মার্কিন রাজনীতিতে নতুন বিরোধের জন্ম দিয়েছে। এসবের প্রভাবে ডলারের বিনিময় মূল্য চাঙ্গা হয়ে উঠেছে। আইসিইতে মার্কিন ডলারের অবস্থান দাঁড়িয়েছে ৯৩ দশমিক ৪৪ পয়েন্টে। চলতি সপ্তাহে মুদ্রাটির বিনিময় মূল্য দশমিক ৪ শতাংশ পর্যন্ত বেড়েছে। এ দুইয়ের প্রভাব পড়েছে স্বর্ণের বাজারেও।
এদিন অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে রুপার দাম আগের দিনের তুলনায় দশমিক ২ শতাংশ কমেছে। এদিন পণ্যটি আউন্সপ্রতি ১৭ ডলার ১৭ সেন্টে লেনদেন হয়। জানুয়ারিতে সরবরাহের চুক্তিতে প্লাটিনামের দাম দশমিক ১ শতাংশ কমেছে। এদিন পণ্যটি আউন্সপ্রতি ৯২২ দশমিক ৫০ ডলারে হাতবদল হয়। অন্যদিকে ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে প্যালাডিয়ামের দাম দশমিক ৫ শতাংশ কমেছে। এদিন পণ্যটি প্রতি আউন্স প্যালাডিয়াম বিক্রি হয় ৯৬৩ ডলার ২৫ সেন্টে।
