আন্তর্জাতিক বাজারে স্বর্নের মূল্য স্থির হয়েছে নিম্নমুখিতায়। বাজারে এদিন স্বর্ণের পাশাপাশি রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামেরও দাম কমেছে। পণ্যগুলোর এ নিম্নমুখিতার প্রধান কারণ মুদ্রাবাজারে ডলারের চাঙ্গাভাব। এদিকে দেশের বাজারেও দাম কমছে স্বর্ণের।
ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের হুমকি সত্ত্বেও এখনো ডলারেই স্বস্তি খুঁজতে চাইছেন বিনিয়োগকারীরা। মুদ্রাবাজারে ডলারের চাহিদা ও বিনিময় হার— দুটোই এখন ঊর্ধ্বমুখী। মূলত ডলারের সঙ্গে বিপরীতমুখী সম্পর্কের জের ধরেই মূল্যবান সব ধাতুরই বাজার এখন পড়তির দিকে।
বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্র ও বাণিজ্যনীতি। তবে এখানে আশ্চর্যের বিষয় হলো, ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের হুমকি কিছুটা অনিশ্চয়তা তৈরি করলেও বাজারের প্রতিক্রিয়াকে গতানুগতিক বলা চলে না কোনোভাবেই। সাধারণত অনিশ্চিত মুহূর্তগুলোয় স্বর্ণের মতো সুদ ও ঝুঁকিবিহীন বিনিয়োগের দিকেই ঝোঁক বেশি থাকে ব্যবসায়ীদের। কিন্তু এখনো ডলারে বিনিয়োগকেই সবচেয়ে বেশি নিরাপদ বলে মনে করছেন ব্যবসায়ীরা। এরই পরিপ্রেক্ষিতে মুদ্রাবাজারে এখন ডলারের বিনিময় হার বেড়ে দাঁড়িয়েছে চলতি বছরের সর্বোচ্চে। অন্যদিকে ডলার ও স্বর্ণের বিপরীতমুখী সম্পর্কের ক্ল্যাসিকাল ধারা বজায় রেখে মূল্যবান ধাতুটির দামও এখন নেমে এসেছে চলতি বছরের সর্বনিম্নে।
এ বিষয়ে আন্তর্জাতিক বাণিজ্য প্রতিষ্ঠান ফোরেক্সটাইমের (এফএক্সটিএম) রিসার্চ অ্যানালিস্ট লুকমান ওতুনুগা বলেন, ‘আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে চলমান উত্তেজনা পুঁজিবাজারে আলোড়ন তোলার পাশাপাশি বিনিয়োগকারীদের বিপর্যয়ের শঙ্কায় ঠেলে দিলেও আশ্চর্যজনকভাবে স্বর্ণের দাম এখন তলানিতে নেমে এসেছে। ধাতুটির এ অবমূল্যায়নের পেছনে প্রধান কারণ হলো, ডলারের বিনিময় হার বৃদ্ধি। মূলত মার্কিন অর্থনীতিতে চাঙ্গাভাব ও ফেডের সুদহার বৃদ্ধির সম্ভাবনা জোরালো হয়ে ওঠাতেই মুদ্রাটির বাজার এখন ঊর্ধ্বমুখী। সেক্ষেত্রে স্বর্ণের বাজারদরে পতনের ধারা আরো কিছুদিন বজায় থাকতে পারে।
নিউইয়র্কের কমোডিটি এক্সচেঞ্জে (কোমেক্স) মঙ্গলবার স্বর্ণের দাম কমেছে আউন্সে দেড় ডলার। আগের দিনের দশমিক ১ শতাংশ কমে এদিন আগস্টে সরবরাহের চুক্তিতে পণ্যটির বাজার স্থির হয় প্রতি আউন্স ১ হাজার ২৭৮ ডলার ৬০ সেন্ট মূল্যে।
এদিন রুপার বাজারদরেও দেখা গেছে নিম্নমুখী প্রবণতা। জুলাইয়ে সরবরাহের চুক্তিতে মঙ্গলবার পণ্যটির দাম কমেছে আগের দিনের তুলনায় ১১ দশমিক ৭ সেন্ট। এদিন এখানে পণ্যটির বাজার স্থির হয় প্রতি আউন্স ১৬ ডলার ৩২ সেন্টে। গত মাসের মাঝামাঝি সময়ের পর থেকে এখন পর্যন্ত এটিই রুপার সর্বনিম্ন দর।
কোমেক্সে এদিন প্লাটিনামের দাম কমেছে আগের দিনের তুলনায় ২ দশমিক ২ শতাংশ। জুলাইয়ে সরবরাহের চুক্তিতে এদিন এখানে প্লাটিনামের বাজার স্থির হয় প্রতি আউন্স ৮৬৪ ডলার ৯০ সেন্টে।
