'আপসযোগ্য মামলা নিষ্পত্তি করতে উদ্যোগ নিচ্ছে সরকার'


Hasina_#paperslife

মধ্যস্ততাকারীর অভাবে আপসযোগ্য মামলা নিষ্পত্তি করতে সরকার উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রোববার সকালে রাজধানীর একটি হোটেলে জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘বর্তমানে আদালতগুলোতে প্রতিদিন অসংখ্য মামলা দায়ের হয়ে মামলার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে আপোষযোগ্য মামলাগুলোও মধ্যস্ততার অভাবে দীর্ঘসময় পর নিষ্পত্তি হচ্ছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে সরকার বিকল্প পদ্ধতির মাধ্যমে মামলা বিরোধ নিষ্পত্তিকে উৎসাহিত করছে। বিচারিক প্রক্রিয়ায় নিষ্পত্তি ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। আলাপ-আলোচনা বা সমঝোতার মাধ্যমে আপোষযোগ্য মামলাগুলো নিষ্পত্তি করা গেলে অতিরিক্ত অর্থ ব্যয় ছাড়াই মানুষ যথাযথ প্রতিকার পাবে।’
তিনি জানান, তাই ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে এই সেবা বাস্তবায়নের উদ্দেশ্যে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। আইন সম্পর্কে সাধারণ মানুষ যেন জানতে পারে, তার অধিকার কি সেটা যেন জানতে পারে, সে ব্যবস্থা নেয়া হবে। এর ফলে বিচারপ্রার্থী জনগণ মামলা জটের কবল থেকে কিছুটা হলেও পরিত্রাণ পাবে বলে আমি মনে করি।
প্রধানমন্ত্রী জানান, গত দশ বছরে তিন লাখ ৯৩ হাজার ৭৯০ জনকে সরকারি খরচে আইনগত সহায়তা দেওয়া হয়েছে। একই সময়ে এ কার্যক্রমের আওতায় মোট এক লাখ ৬৬৮টি মামলা নিষ্পত্তি হয়েছে।
লিগ্যাল এইড অফিসের সফলতার কথা তুলে ধরে সরকারপ্রধান বলেন, লিগ্যাল এইড অফিসের মাধ্যমে গত চার বছরে প্রি-কেইস ও পোস্ট-কেইস মিলিয়ে মোট ১৭ হাজার ৯২৯টি এডিআর বা আপস মধ্যস্থতার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এর মধ্যে ১৬ হাজার ৫১৩ জন বিচারপ্রার্থী শান্তিপূর্ণভাবে আপস-মীমাংসার সুফল ভোগ করেছেন।
মামলা দীর্ঘসূত্রতা ও জট কমাতে অধঃস্তন আদালতে বিচারক নিয়োগ, নতুন নতুন আদালত, ট্রাইবুন্যাল স্থাপনসহ প্রয়োজনীয় পদ সৃষ্টি ও নিয়োগ, উচ্চতর প্রশিক্ষণসহ সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।