আফগানিস্তানের প্রথম টেস্টে প্রতিপক্ষ হতে পারে জিম্বাবুয়ে




আফগানিস্তান ক্রিকেট টিম টেস্ট স্ট্যাটাস পেয়েছে কিছুদিন আগে। কিন্তু এখনো মাঠে নামা হয়নি। সাদা পোশাকে প্রথম টেস্ট খেলতে মুখিয়ে আছে আফগানিস্তান। এক্ষেত্রে তাদের প্রথম প্রতিপক্ষ হতে পারে জিম্বাবুয়ে।
চলতি বছরের শেষ দিকে জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে সে দেশের ক্রিকেট বোর্ডে সঙ্গে আলোচনা করছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এ বছরের জুন মাসে টেস্ট স্ট্যাটাস পাওয়া আফগানিস্তান এই সিরিজ আয়োজন করতে পারে।
এ বিষয়ে ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, পূর্ণাঙ্গ এই সিরিজে থাকতে পারে একটি টেস্ট, পাঁচটি ওয়ানডে এবং দুটি কিংবা তিনটি টি-টোয়েন্টি। আফগানরা অবশ্য নিজেদের মাটিতে সিরিজ আয়োজন করতে পারছে না। তবে এসিবি নিরপেক্ষ ভেন্যু হতে পারে ভারত অথবা সংযুক্ত আরব আমিরাত। জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) গত সপ্তাহে এসিবিকে একটি মেইল পাঠিয়েছে। তবে দুই বোর্ড সিরিজটি নিশ্চিত করবে জেডসির সিদ্ধান্তের পর।
প্রথম টেস্ট যে কোনো দেশের জন্য সবসময় রোমাঞ্চকর। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা হলে আফগানিস্তান ক্রিকেটে নতুন মাত্রা যোগ হবে। ২০০৯ সালে ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার পর থেকে নিজেদের ক্রিকেটকে শীর্ষ পর্যায়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে যুদ্ধ বিধ্বস্ত এ দেশটি। জিম্বাবুয়ের বিপক্ষে আফগানরা টানা তিনটি সীমিত ওভারের সিরিজ জিতেছে। বিগত জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ ড্র করেছে।