আফগানিস্তানে মসজিদে বোমা হামলা, নিহত ১৭




আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ খোস্তে একটি মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ হামলায় আরও ৩৪ জন আহত হয়েছেন বলে।
গত রোববার পার্লামেন্টে নির্বাচনের প্রস্তুতি চলাকালে এ হামলাটি চালানো হল।
এ বিষয়ে প্রাদেশিক পুলিশের মুখপাত্র বসির বিনা জানিয়েছেন, আসরের নামাজের পর লোকজন ভোটার নিবন্ধন কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হওয়া মসজিদটিতে জড়ো হয়েছিল, তখনই বিস্ফোরণটি ঘটে। কোনো আত্মঘাতী হামলাকারী নয়, মসজিদটিতে রেখে যাওয়া বিস্ফোরক থেকেই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে, এমন ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। তাৎক্ষণিকভাবে এ হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।
এছাড়া রোববার সকালে পৃথক আরেকটি ঘটনায় উত্তরাঞ্চলীয় প্রদেশ ফারিয়াবে রাস্তায় পেতে রাখা বোমার বিস্ফোরণে একটি গাড়ির সাত যাত্রী নিহত হন।
উল্লেখ্য, আগামী অক্টোবরে আফগানিস্তানে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এপ্রিল থেকে দেশটিতে ভোটার নিবন্ধন শুরু করা হয়েছে। তারপর থেকে ভোটার নিবন্ধন কেন্দ্রগুলোতে ধারাবাহিকভাবে বোমা হামলা চালানো হচ্ছে। নির্বাচনী প্রক্রিয়াতে জনগণকে অংশ গ্রহণ না করতে সতর্ক করলেও এক বিবৃতিতে এ হামলার সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে তালেবান।
গত মাসে রাজধানী কাবুলের একটি ভোটার নিবন্ধন কেন্দ্রে আত্মঘাতী হামলায় প্রায় ৬০ জন নিহত হয়েছিলেন। ওই হামলার দায় স্বীকার করেছিল জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।