আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ বালখে গতরাতে তালেবান জঙ্গিদের আকস্মিক হামলায় সরকারপন্থী অন্তত ১৮ মিলিশিয়া নিহত হয়েছে।
গত রবিবার এক স্থানীয় কর্মকর্তা একথা জানান।
জেলা প্রধান সারাজুদ্দিন আবিদ বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, রোববার রাতে শোলগ্রা জেলার বোজবয় গ্রামে এই ঘটনা ঘটে। তালেবান জঙ্গিরা একটি নিরাপত্তা চৌকিতে অতর্কিতে এ হামলা চালায়। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে লোকাল আপরাইজিং গ্রুপের ১৮ সদস্য প্রাণ হারায়।
নিহতদের মধ্যে স্থানীয় নেতা ও তালেবান বিরোধী যোদ্ধাদের কমান্ডার হাজী হামিদুল্লা ও তার ছেলে ওবায়দুল্লাহ্ও রয়েছে। ওবায়দুল্লাহ্ আফগান পুলিশ ছিলেন বলে সূত্রটি জানায়। তালেবান এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।
তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ্ মুজাহিদ টুইটারে জানান, মিলিশিয়াদের মাঝে একজন তালেবান যোদ্ধাদের প্রতি সহানুভূতিশীল থাকায় হামলাটি চালানো সহজ হয়েছে। সংঘর্ষে এক তালেবান যোদ্ধা নিহত ও অপর একজন আহত হয়েছে বলে তিনি জানিয়েছেন।
