আফ্রিদিও হয়েছিলেন ছলনার শিকার!


paperslife

শহীদ খান আফ্রিদি, অনেক নারীর হার্টথ্রব এই পাকিস্তানি সুপারস্টারের প্রেমে মজেছিলেন অনেকেই। অনেকের পছন্দের তালিকায় ছিলেন সুদর্শন এই পাক ক্রিকেটার। গ্যালারি জুড়ে ‘ম্যারি মি আফ্রিদি’ লেখা প্লেকার্ডের দেখা মিলত প্রায়শই।

যেই আফ্রিদির জন্য বিশ্বজুড়ে অসংখ্য, অগণিত নারীরা ছিলেন পাগল, সেই আফ্রিদি নিজেই মজেছিলেন একজনের প্রেমে। শুধু ফোনে কথা বলেই এক ভালো লাগা সৃষ্টি হয়েছিল অচেনা সেই নারীর প্রতি।

অবাক করা বিষয় হলেও, এমন এক ঘটনা ঘটেছিল বলে জানিয়েছেন আফ্রিদি নিজেই। সম্প্রতি আফ্রিদির অটোবায়োগ্রাফি ‘গেম চেঞ্জার’ বই প্রকাশ পেয়েছে। সেখানে এমন এক ঘটনা শেয়ার করেছেন আফ্রিদি। সেই সাথে নিজের মন ভাঙার গল্পও লিখেছেন তিনি।

নিজের বইয়ে ঘটনা লিখতে গিয়ে আফ্রিদি জানান, তার বিয়ের আগে একটি মেয়ের সাথে পরিচয় হয় ফোনে। এতটাই মনোমুগ্ধকর কন্ঠ ছিল যে আফ্রিদি সহজেই আকৃষ্ট হয়ে পড়ে। সে সময় মোবাইল ফোন সহজলভ্য ছিল না, তবুও মেয়েটির সাথে কথা বলতে অনেক অর্থই মোবাইলের পেছনে খরচ করেন তিনি।

এভাবেই দিন কাটতে থাকে। দুইজনের খুব ভালো বন্ধুত্ব হয়। একদিন দুইজন মিলে সিদ্ধান্ত নেয় দেখা করার। এমন কোকিলকন্ঠি নারীকে না দেখলে পাপ হবে বলে মনে করতেন আফ্রিদি।

দিনক্ষণ ঠিক, এবার দেখা করার পালা। কিন্তু এভাবে যে মন ভাঙবে বুঝতে পারেননি আফ্রিদি। সেদিন অবাক হয়েছিলেন আফ্রিদি, বিস্ময়ে চোখ দুটো যেন বের হয়ে যাওয়ার যোগাড়।

কি ঘটেছিল সেদিন? নিজের অটোবায়োগ্রাফিতে আফ্রিদি জানিয়েছেন, দেখা করার দিন যথাসময়ে ঘরের বেল বেজে উঠল। আফ্রিদি দরজা খুলে দেখেন একটি ছেলে ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে।

মাসের পর মাস মেয়ে ভেবে যার সাথে কথা বলেছিলেন, সেই কোকিলকন্ঠির মালিক এই ছেলে। জীবনের সব থেকে বড় ধাক্কা সেদিনই পেয়েছিলেন, বলে জানিয়েছেন আফ্রিদি।