রোনালদো গোল করেছেন, স্কোরশিটে নাম তুলেছেন পাওলো দিবালা এবং ডগলাস কস্তা। তিন জনের সম্মিলিত গোলে মঙ্গলবার রাতে জেনোয়ার মাঠে ৩-১ গোলের সহজ জয়ই পেয়েছে জুভেন্টাস।
ম্যাচের প্রথমার্ধে হয়নি কোন গোল। জেনোয়ার জালে অন্তত ১১টি শট করেও গোলের ঠিকানা খুঁজে পায়নি জুভেন্টাস। দ্বিতীয়ার্ধে অপেক্ষার অবসান ঘটান দিবালা।
হুয়ান কুয়াড্রাডোর কাছ থেকে বল পেয়ে খানিক জায়গা করে নিয়ে বাম পায়ের শটে ম্যাচের প্রথম গোল করেন দিবালা।
এর মিনিট ছয়েক পরেই দেখা যায় রোনালদোর সেই গোল। ম্যাচের ৭৩ মিনিটে ব্যবধান আরও বাড়ান ডগলাস কস্তা। কর্নারের পাশ থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকেই বাম পায়ের অসাধারণ এক শটে স্কোরশিটে নাম লেখান এ ব্রাজিলিয়ান প্রতিভা।
মিনিট তিনেক পর এক গোল শোধ করেন জেনোয়ার ফরোয়ার্ড আন্দ্রে পিনামোন্তি।
এই জয়ের ফলে এখন ৩৮ ম্যাচের লিগে ২৯ ম্যাচ শেষে টেবিল টপার জুভেন্টাসের সংগ্রহ ৭২ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা লাজিওর চেয়ে তারা এগিয়ে ৪ পয়েন্টে। অবনমন অঞ্চলের আশপাশে ঘুরতে থাকা জেনোয়ার সংগ্রহ ২৯ ম্যাচে ২৬ পয়েন্ট।

