মিয়ানমারের রাখাইন থেকে বাংলাদেশে রোহিঙ্গা আসার পরিমাণ এখনো কমছে না। কিছুদিনের মধ্যেই এই রাজ্যটি থেকে রোহিঙ্গার ঢল নামতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে জাতিসংঘ।
গতকাল শুক্রবার জাতিসংঘের মানবিক–বিষয়ক সমন্বয় দপ্তরের (ওসিএইচএ) আন্ডার সেক্রেটারি জেনারেল মার্ক লোকক বাংলাদেশ সফর শেষে জেনেভা ফিরে এই আশঙ্কার কথা জানান। গতকাল জেনেভায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মুখপাত্র জোয়েল মিলম্যান আলাদা এক ব্রিফিংয়ে জানান, রাখাইন থেকে প্রতিদিন গড়ে দুই হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিচ্ছে।
জেনেভায় সংবাদ সম্মেলনে মার্ক লোকক বলেন, ‘এখনো মিয়ানমার থেকে লোকজনের আসা থামেনি। এখনো মিয়ানমারে কয়েক লাখ লোক আছেন। আরও ঢল নামতে পারে, এটা বিবেচনায় নিয়ে আমরা তৈরি থাকতে চাই। ৫ লাখ লোক লাঠি হাতে নিয়ে আর পাগলামি করে দেশ ছেড়ে পালায়নি।’
এদিকে মিয়ানমারের সরকার যে সেদেশে রোহিঙ্গা মুসলিমদের কাছে কাউকে যেতে দিচ্ছে না, জাতিসংঘ সেটিকে ‘অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করেছে । জাতিসংঘের মানবিক ত্রাণ দফতরের প্রধান মার্ক লোকক বলেন, সহিংসতার পরও মিয়ানমারের রাখাইনে হাজার হাজার রোহিঙ্গা এখনো রয়ে গেছে। মিয়ানমার থেকে আবারও বাংলাদেশে রোহিঙ্গাদের ঢল নামবে বলে আশংকা করছেন তারা।
লোকক বলেন, জাতিসংঘের উচ্চ পর্যায়ের একজন প্রতিনিধি আগামী কয়েকদিনের মধ্যে মিয়ানমারে যেতে পারবেন বলে তারা আশা করছেন। তবে ওই কর্মকর্তাকে রাখাইনে নিয়ে যাওয়া হলেও তাকে কতোটা স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হবে সেটা পরিস্কার নয়।
মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর দমন অভিযানের মুখে গত ২৫ অগাস্ট থেকে পাঁচ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তারা বলছেন, সেনাবাহিনী রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোতে নির্বিচারে গুলি চালিয়ে মানুষ মারছে। রোহিঙ্গা নারীদের ধর্ষণএবং গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হচ্ছে। মিয়ানমার সেনাবাহিনীর এই দমন অভিযানকে ‘জাতিগত নিধনের’ চেষ্টা হিসেবে চিহ্নিত করেছে জাতিসংঘ।
