বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবেলায় নানান দৃষ্টান্ত স্থাপন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের চুক্তিবদ্ধ খেলোয়াড়দের বাইরে থাকা খেলোয়াড়দের এককালীন ৩০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেন বোর্ড সভাপতি। এরপর নারী ক্রিকেটারদের জন্যও এককালীন ২০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
এবার মাঠকর্মী, বোর্ডের পিয়ন, অফিস স্টাফ ও পরচ্ছন্নতা কর্মীদের সাহায্যার্থে এগিয়ে এসেছে বিসিবি। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামসহ বিভিন্ন স্টেডিয়ামাস মোট ৩০০ কর্মচারীকে এককালীন অর্থ সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন খোদ বিসিবির সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন। তবে কত টাকা করে দেওয়া হচ্ছে একেকজনকে তা জানা যায়নি।
এ ব্যাপারে নিজামউদ্দীন চৌধুরী সুজন বলেন, ‘এককালীন একটা অর্থ দেয়া হবে। এখন পর্যন্ত প্রকৃত অর্থের পরিমাণ ঠিক করা হয়নি। তবে মাঠকর্মী, বিসিবি স্টাফ ও পিয়ন, অফিস স্টাফ এবং পরিচ্ছন্নতা কর্মীসহ ৩০০ স্টাফকে আমরা মাসিক বেতন নিয়মিত দেয়ার পাশাপাশি এককালীন কিছু অর্থ সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। খুব শীঘ্রই এটা দেওয়া হবে।’

