আবারো নোট বাতিল হতে পারে ভারতে




ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়ে গত বছর ১০০০ ও ৫০০ রুপির নোট বাতিলের পর ভারত সরকার বাজারে ছেড়েছিল ২০০০ ও ৫০০ রুপির নতুন নোট। এবার ভারতে চলমান সেই ২০০০ ও ৫০০ রুপির নোট বাতিল করে বাজারে নতুনভাবে ২০০ রুপির নোট ছাড়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ শুক্রবার ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ২০০০ রুপির নোটের পর এবার বাজারে আসছে ২০০ রুপির নতুন নোট। গত পাঁচ মাসে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার তরফে ২০০০ রুপি নোটের পরিবর্তে ২০০ রুপির নোট ছাপানোর কাজ চলছে।
২০০০ ও ৫০০ রূপির নোট ছাপানোর পর কেন্দ্রীয় সরকার ও রিজার্ভ ব্যাংক মনে করেছিল, এর মাধ্যমে নোট সংকটের পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হবে। কিন্তু দেখা যাচ্ছে, কম মূল্যের নোটেরই বাজারে চাহিদা বেশি। এরপরই ২০০ রুপির নোট ছাপানোর উদ্যোগ নেওয়া হয়। তবে সরকারিভাবে এ সংক্রান্ত কোনো ঘোষণা দেওয়া হয়নি।
এই খবর নিয়ে রাজ্যসভায় গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর জবাবদিহি দাবি করেন বিরোধীরা। তবে সরকারের তরফ থেকে জবাব মেলেনি।