দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম প্রতি কেজিতে সর্বোচ্চ ১৩ টাকা কমেছে। ভারতের বাজারে সরবরাহ বৃদ্ধির জের ধরে পণ্যটির দাম কিছুটা কমে আসায় হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বেড়েছে।
একই সঙ্গে দেশে উৎপাদিত পেঁয়াজের সরবরাহও তুলনামূলক বেড়েছে। এর জের ধরে পাইকারি পর্যায়ে পণ্যটির দাম কমে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও আমদানিকারকরা।
গতকাল হিলি স্থলবন্দরে পেঁয়াজের আড়তগুলো ঘুরে ভারত থেকে আমদানি করা প্রতি কেজি পেঁয়াজ (ট্রাকসেল) মানভেদে ৪৮-৫২ টাকায় বিক্রি হতে দেখা যায়। এক সপ্তাহ আগেও আমদানি করা এসব পেঁয়াজ কেজিপ্রতি ৬০-৬৫ টাকায় বিক্রি হয়েছিল।
সে হিসাবে এক সপ্তাহের ব্যবধানে পণ্যটির দাম কেজিতে সর্বোচ্চ ১৩ টাকা কমেছে। একই সঙ্গে দেশে উৎপাদিত পেঁয়াজের দামেও নিম্নমুখী প্রবণতা বজায় রয়েছে। এদিন খুচরা পর্যায়ে দেশে উৎপাদিত পাতা পেঁয়াজ প্রতি কেজি ৩০ টাকায় বিক্রি হয়। এক সপ্তাহ আগেও এসব পেঁয়াজ কেজিপ্রতি ৪০ টাকায় বিক্রি হয়েছিল। সে হিসাবে এক সপ্তাহের ব্যবধানে পণ্যটির দাম কেজিতে ১০ টাকা কমেছে।
স্থানীয় পেঁয়াজ আমদানিকারক হারুন উর-রশীদ-হারুন ও ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, ভারতের বাজারে পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ার ফলে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি খানিকটা কমে গিয়েছিল। এতে দেশের বাজারে সরবরাহ কমে পণ্যটির দাম বেড়ে গিয়েছিল। সম্প্রতি ভারতের বিভিন্ন প্রদেশে নতুন মৌসুমের পেঁয়াজ সংগ্রহ শুরু হওয়ায় ভারতের বাজারে পণ্যটির সরবরাহ আগের তুলনায় বেড়েছে। এতে দাম কিছুটা কমার ফলে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানিও বেড়েছে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চল থেকে স্থানীয় জাতের পেঁয়াজও বাজারে আসতে শুরু করেছে। ফলে এখানকার পাইকারি বাজারে সরবরাহ বেড়ে ভারত থেকে আমদানি করা ও দেশে উৎপাদিত দুই ধরনের পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।
এদিকে হিলি স্থলবন্দর কার্যালয়ের তথ্য অনুযায়ী, ভারতের বাজারে সরবরাহ তুলনামূলক বাড়ার কারণে বর্তমানে এ স্থলবন্দর দিয়ে প্রতিদিন ৩৫-৪০ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে। ১৭ ডিসেম্বর হিলি স্থলবন্দর দিয়ে ৪৫টি ট্রাকে ৮৯৬ টন পেঁয়াজ আমদানি হয়েছে। পরবর্তীতে ১৮ ডিসেম্বর ৩৮টি ট্রাকে ৭২৮ টন, ১৯ ডিসেম্বর ৩৭টি ট্রাকে ৭৪৩ টন, ২০ ডিসেম্বর ৩৫টি ট্রাকে ৬৮৫ টন পেঁয়াজ আমদানি হয়েছে। সে হিসাবে এ চারদিনে হিলি স্থলবন্দর দিয়ে ১৫৫টি ট্রাকে ৩ হাজার ৫২ টন পেঁয়াজ আমদানি হয়েছে। চলতি মাসের প্রথম ২০ দিনে ৫০১টি ট্রাকে মোট ১০ হাজার ২০৬ টন পেঁয়াজ আমদানি হয়েছে। গত নভেম্বরে হিলি স্থলবন্দর দিয়ে ৬৮১টি ট্রাকে ১৩ হাজার ৬২০ টন পেঁয়াজ আমদানি হয়েছিল। আর অক্টোবরে পণ্যটির আমদানির পরিমাণ ছিল ১১ হাজার ২৫২ টন।
