আমি প্রথমত কবি, দ্বিতীয়ত কবি এবং তৃতীয়ত চলচ্চিত্র পরিচালক




জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা মাসুদ পথিক। সম্প্রতি তিনি ‘মায়া; দ্য লস্ট মাদার’ শিরোনামের নতুন একটি চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন। আসন্ন সেপ্টেম্বর মাসে ছবিটি মুক্তি পাবার কথা রয়েছে। এছাড়া খুব শীঘ্রই তিনি শুরু করবেন ছন ‘বক; দ্য সিনেমা’ সিনেমার কাজ। তার নির্মিত চলচ্চিত্র এবং সমসাময়িক বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলেছেন মোহাই মেনুল নিয়ন।
‘মায়া; দ্য লস্ট মাদার’ চলচ্চিত্রটি নিয়ে বলুন।
‘মায়া; দ্য লস্ট মাদার’ সিনেমাটি র-রিয়ালিজম। যুদ্ধশিশু ও বীরাঙ্গনার গল্প নিয়ে এটি নির্মিত। এতে যুদ্ধশিশুর চরিত্রে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী মুমতাজ সরকার। আমাদের মুক্তিযুদ্ধের সময় যে বীরাঙ্গনারা ছিলেন তাদেরকে সরকার স্বীকৃতি দিয়েছে ঠিকই, কিন্তু আমাদের সমাজের চোখ এখনো পরিবর্তন হয়নি। সিনেমাটিতে আমি এমনকিছুই উপস্থাপন করতে চেয়েছি। এই সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী। সিনেমাটিতে যেভাবে গল্প উপস্থাপন করেছি তা বাংলাদেশি সিনেমায় এই প্রথম। আমি সবসময় বাংলাদেশি সিনেমাকে এক অনন্য স্থানে নিয়ে যেতে চাই।
বাংলাদেশে এতো অভিনেত্রী থাকতে যুদ্ধশিশুর চরিত্র নির্বাচনে কলকাতা কেন?
এই প্রশ্নটির মুখোমুখি আমাকে অনেকবার হতে হয়েছে। দেখুন আমার চলচ্চিত্রের জন্য শিল্পী নির্বাচনে সবার আগে গুরুত্ব দেই চরিত্রটির জন্য কে পারফেক্ট। আমার কাছে দেশ কোন মুখ্য বিষয় নয়, যুদ্ধশিশুর চরিত্রে আমার কাছে মনে হয়েছে মুমতাজ সরকার পারফেক্ট। আবার আমার পরবর্তী চলচ্চিত্র ‘বক; দ্য সিনেমা’তে বাংলাদেশি শিল্পীদের পাশাপাশি কলকাতারও একজন অভিনয় শিল্পী থাকছেন। তবে কে হচ্ছেন সে বিষয়ে এখনো চ‚ড়ান্ত হয়নি।
‘বক; দ্য সিনেমা’ চলচ্চিত্রের প্রেক্ষাপট কি?
‘বক; দ্য সিনেমা’ আমাদের জনসমাজের গল্প। বানোয়াট কোন গল্প নয়। বিমূর্ত একটা গল্প বলার চেষ্টা করেছি এখানে। ফরাসি কবি আর্তুর রেঁবো এবং বাংলার গর্ব কবি জীবনানন্দ দাশের দুটি কবিতা অবলম্বনে ‘বক; দ্য সিনেমা’ গল্পটি তৈরি করা হয়েছে। ঈদের পর পর এই ছবির শুটিং শুরু হবে।
আপনার তৃতীয় নির্মাণ ‘কবি গাছ’। এটা নিয়ে কিছু বলুন!
‘বক; দ্য সিনেমা’ চলচ্চিত্রের আগে আমার এই চলচ্চিত্রটি কাজ শুরু করার কথা ছিল। কিন্তু আমার প্রডিউসার এটার কাজ পিছিয়ে দিয়েছেন। তবে এই্ বছরই আমি এই ছবিরও শুটিং শুরু করবো। কবি নির্মলেন্দু গুণ’র ‘মানুষ’ কবিতা এবং ওপার বাংলার কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী’র ‘অমলাকান্তি’ কবিতা দুটি অবলম্বনে কবি গাছ সিনেমাটির গল্পের গাথুনি করা হয়েছে। আর এই ছবির বিশেষ আকর্ষণ হচ্ছে সিনিয়র শিল্পীদের পাশাপাশি অনেক কবি এই ছবিতে অভিনয় করবেন।
আপনার সব সিনেমাই কবিতা অবলম্বনে নির্মিত। এর কারণ কি?
আমার কাছে সিনেমা ও কবিতা দুটোই এক জিনিস। আমি কখনো দুটোকে আলাদাভাবে চিন্তা করিনি। আমি প্রথমত কবি, দ্বিতীয়ত কবি এবং তৃতীয়ত চলচ্চিত্র পরিচালক। আমি সিনেমায় কথাগুলো একটু কাব্যিক ভাষায় উপস্থাপন করি। সিনেমায় প্রচলিত গল্প বলার ধারাটা আমি ব্যবহার করি না।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪-তে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পেল আপনার নির্মিত ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’। অনুভূতিটা কেমন ছিল?
অবশ্যই অনেক ভালো। আমরা কষ্ট করে কাজ করেছি। সেই কাজের স্বীকৃতি পেয়েছি। এই পুরস্কার হয়তো আমাকে সামনের দিনগুলোতে ভালো কাজের অনুপ্রেরণা দেবে। আমি ভবিষ্যতেও ভালো কাজ করতে চাই। এই পুরস্কার আমি সেই চাষিদের উৎসর্গ করেছি, যাদের পিঠে, ঘামের বুকে রোদ্দুর নাচে।