প্রায় ২ বছর লড়াই শেষে বুধবার সকালে প্রয়াত হন বলিউডের অন্যতম সেরা অভিনেতা ইরফান খান। শুধু বলিউড নয়, এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা বিশ্বের সিনে মহলে। অন্তর্জাতিক সংবামাধ্যমসহ তারকারাও ইরফানের মৃত্যুতে শোক প্রকাশ করতে শুরু করেছেন।
গত সোমবার অসুস্থ হওয়ার পরই মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয় ইরফান খান-কে। অভিনেতার মুখপাত্র জানান, কোলন ইনফেকশনের জেরে অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা।
মনের জোর এবং চিকিৎসকদের মিলিত প্রচেষ্টায় ইরফান শিগগিরই সুস্থ হয়ে উঠবেন বলেও আশা প্রকাশ করেন প্রয়াত অভিনেতার মুখপাত্র। যদিও মুখপাত্রের আশা শেষ পর্যন্ত সফল হয়নি। বুধবার সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা।
জানা যায়, কোকিলাবেন হাসপাতালে যখন আইসিইউতে চলছে ইরফান খানের চিকিৎসা, সেই সময় হঠাৎ করেই মৃত্যুর কয়েক মুহূর্ত আগে ইরফান বলেন, ‘আম্মা এসেছেন আমাকে নিয়ে যেতে’।

উল্লেখ্য গত ২৬ এপ্রিল মৃত্যু হয় ইরফান খানের মা সায়েদা বেগমের। ৯৫ বছর বয়সে চলে যান তিনি। মৃত্যুর পর মা-কে শেষবারের মতোও দেখতে পাননি ইরফান।
সূত্র: জি নিউজ

