আরও এক মামলায় জামিন পেয়েছেন দিলদার




আপন জুয়েলার্সের অন্যতম মালিক দিলদার আহমেদের বিরুদ্ধে থাকা তিন মামলার সবগুলোতেই জামিন পাওয়ায় এবার আর দিলদারের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
গত মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাই কোর্ট বেঞ্চ ধানমণ্ডি থানার মামলায় দিলদারকে জামিন দেয়। রোববার একই বেঞ্চ তাকে উত্তরা থানার মামলায় জামিন মঞ্জুর করে।
দিলাদারের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী এ এম আমিন উদ্দিন ও মেহেদী হাসান চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোরশেদ।
পরে মেহেদী হাসান চৌধুরী বলেন, “সব মামলায় জামিন হয়ে যাওয়ায় এবার আর তার মুক্তিতে বাঁধা নেই।”
এর আগে, রাজধানীর ধানমণ্ডি, রমনা ও উত্তরা থানায় শুল্ক গোয়েন্দা বিভাগের দায়ের করা এই তিন মামলার মধ্যে রমনার মামলায় গত বছরের ১৪ ডিসেম্বর হাই কোর্টে জামিন পান দিলদার। পরে আপিল বিভাগেও তা বহাল থাকে।কিন্তু বাকি দুই মামলার জামিন শুনানি হাই কোর্ট এক মাসের জন্য মুলতবি রাখায় তার মুক্তি হচ্ছিল না।
উল্লেখ্য, বনানীর একটি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানের নামে ডেকে নিয়ে দুই তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় গত মে মাসে গ্রেপ্তার হন দিলদারের ছেলে সাফাত আহমেদ। ওই ঘটনায় দেশজুড়ে তোলপাড় শুরু হলে আপন জুয়েলার্সের ‘অবৈধ লেনদেন’ এর খোঁজে তদন্তে নামে শুল্ক গোয়েন্দা বিভাগ। এরপর মে মাসের শেষ দিকে আপন জুয়েলার্সের বিভিন্ন বিক্রয় কেন্দ্র থেকে ১৫ দশমিক ৩ মণ সোনা এবং ৭ হাজার ৩৬৯ টি হীরার অলঙ্কার জব্দ করে তা বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়।