সব দলের বিপক্ষে টেস্ট খেলা হয়ে গিয়েছিল। বাকি ছিল কেবল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার মাঠে নেমেই গড়েছেন কীর্তি। প্রথম বাংলাদেশী বোলার হিসেবে সব টেস্ট খেলুড়ে দলের বিপক্ষেই পাঁচ উইকেট শিকারের অনন্য কীর্তি গড়েছেন সাকিব আল হাসান।
টেস্ট অঙ্গনে বাংলাদেশের হয়ে ১১ বছর পার করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। এই ১১ বছরে কত অর্জনের পাশে নিজের নাম লিখিয়েছেন তা হিসেবের বাইরে। এক নম্বর অলরাউন্ডার হিসেবে টেস্ট, ওয়ানডে ও টি-২০ ক্রিকেটে রাজত্ব করছেন সমান তালে। দেখতে দেখতে বাংলাদেশের হয়ে ৫০তম টেস্ট খেলছেন।
আর এই ৫০তম টেস্টে প্রথম ইনিংসে ব্যাট হাতে অর্ধশতকের পর বল হাতেও দেখিয়েছেন দাপট। পাঁচ পাঁচ জন ব্যাটসম্যানকে ফিরিয়ে গড়েছেন আরো একটি রেকর্ড। এর আগে সব দলের বিপক্ষেই ইনিংসে নিয়েছিলেন ৫টি করে উইকেট। বাকি থাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দেখায়-ই পাঁচ উইকেট নিয়ে সব টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন।
শুরুটা গতকাল নাথান লায়নকে দিয়ে। নাইটওয়াচম্যান হিসেবে নামা লায়নকে ফিরিয়েছেন শূন্য রানে। এরপর একে একে রেনশ, মিক্সওয়েল, কামিন্স এবং সব শেষে হ্যাজেলউডকে ফিরিয়ে পাঁচের বৃত্ত পূরণ করেছেন। অস্ট্রেলিয়া আলআউট হয়েছে ২১৭ রানে। ৪৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ।
এর আগে প্রথম ইনিংসে ১০ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর তামিমের সাথে ১৫৫ রানের জুটি গড়ে ম্যাচ বাঁচিয়েছেন সাকিব। দলের পক্ষে সর্বোচ্চ সাকিবের ৮৪ রানে বাংলাদেশ ২৬০ রানের পুঁজি পায়। একই সাথে ৩৫০০ রান করা ও ১৭৫ উইকেট নেওয়া দ্রুততম খেলোয়াড় তিনি।
