সব গুঞ্জনের অবসান ঘটিয়ে বার্সেলোনার হয়ে নতুন চুক্তি করেছেন লিওনেল মেসি। ২০২১ সাল পর্যন্ত চুক্তি করেন বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড়। ফলে আরো চারবছর বার্সেলোনার জার্সি গায়ে দেখা যাবে এল এম টেনকে।
নতুন এ চুক্তিতে ৩০ বছর বয়সী ফুটবলারের রিলিজ ক্লজ ধার্য করা হয়েছে ৭০০ মিলিয়ন ইউরো। গত চুক্তির মেয়াদ শেষ হত আগামী মাসে। তার আগেই চুক্তি করেছেন মেসি।
২০০০ সালে ১৩ বছর বয়সে বার্সেলোনার সাথে যেই ভালবাসার বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি ৩০ বছর বয়সে তা আরো চার বছর বাড়িয়ে নিয়েছেন। বার্সেলোনার ৬০২ ম্যাচ খেলে ৫০৩ গোল করেছেন তিনি। এর মধ্যে জিতেছেন ৩০টি ট্রফি।
এই মৌসুমে দুর্দান্ত খেলছেন তিনি। গত মৌসুমের সর্বোচ্চ গোলের জন্য গোল্ডেন বুট জিতলেন, আর আজ চুক্তির মেয়াদ বাড়িয়ে নিয়েছেন। লা লীগাতে শীর্ষস্থানে আছে তাঁর দল বার্সেলোনা।
সূত্র : গোল ডট কম
