মাঠে গড়ালো ইউরোপীয়ান ফুটবল। ইংলিশ প্রিমিয়ার লীগের মধ্য দিয়ে শুরু হলো ২০১৭-১৮ ফুটবল মৌসুম। এদিন একমাত্র খেলায় টানটান উত্তেজনার ম্যাচে আর্সেনাল ৪-৩ গোলে হারায় লেস্টার সিটিকে।
খেলা শুরু হতে সময় নেই নি, কিন্তু গোল উৎসবে প্রথম নাম আর্সেনালের। ২ মিনিটের মাথায় ল্যাকযাটের গোলে এগিয়ে যায় আর্সেনাল। কিন্তু সে লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। তিন মিনিট পর ৫ মিনিটের সময় ওকাজাকি সমতা আনেন। ২৯ মিনিটে গোল করে লেস্টার সিটিকে এগিয়ে দেন ভারডি। প্রথম অর্ধ শেষ হওয়ার কিছু সময় আগে ইঞ্জুরি সময়ে ওয়ালব্যাক গোল করে আর্সেনালকে সমতায় ফেরান। ২-২ গোলে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয় অর্ধেও আক্রমন পাল্টা আক্রমনের রেশ বজায় থাকে। ঘড়ির কাঁটায় যখন ৫৬ মিনিট, ভারডি তাঁর দ্বিতীয় গোল করে এগিয়ে দেন লেস্টার সিটিকে। লেস্টার সিটির আনন্দকে বেশিক্ষণ স্থায়ী হতে দেন নি ৬৭ মিনিটে বদলি হিসেবে নামা রামসে। ৮৩ মিনিটে গোল করে আনেন সমতা। ৩-৩ গোলের সমতায় জমে উঠে উদ্বোধনী লড়াই। তবে, এর ঠিক দুই মিনিট পর অলিভার জিরুদ গোল করলে আবারো এগিয়ে যায় আর্সেনাল। এরপর আর কোনো দল গোল না করতে পারলে ৪-৩ গোলের জয় দিয়ে পূর্ন তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আর্সেন উইঙ্গারের শিষ্যরা।
