আর কত রক্ত ঝরলে হুঁশ ফিরবে তাদের?




আফসানা মেহনাজ
৩ এপ্রিল বিআরটিসির একটি দোতলা বাসের পেছনের ফটকে দাঁড়িয়ে গন্তব্যে যাচ্ছিলেন রাজধানীর মহাখালীর সরকারি তিতুমীর কলেজের স্নাতকের (বাণিজ্য) দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব হোসেন (২১)। হাতটি বেরিয়ে ছিল সামান্য বাইরে। হঠাৎ করেই পেছন থেকে একটি বাস বিআরটিসির বাসটিকে পেরিয়ে যাওয়ার বা ওভারটেক করার জন্য বাঁ দিকে গা ঘেঁষে পড়ে। দুই বাসের প্রবল চাপে রাজীবের হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
দুর্ঘটনার পর যারা ছবি তুলতে ব্যস্ত ছিলেন না এমন দু-তিনজন পথচারী দ্রুত তাঁকে পান্থপথের শমরিতা হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা চেষ্টা করেও বিচ্ছিন্ন সে হাতটি রাজীবের শরীরে আর জুড়ে দিতে পারেননি।
শমরিতা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর রাজীবকে ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। সাময়িক উন্নতির পর গত সোমবার থেকে তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়। রাজীবের মস্তিষ্ক অসাড় হয়ে যায়। সেই থেকে আর কখনো জ্ঞান ফেরেনি তাঁর।
আমাদের গালে কসে চড় দিয়েছে রাজীবের কাটা হাত। আমরা শুনেছি, জেনেছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছি প্রতিবার। এরপর ঘটনার পুনরাবৃত্তিও দেখছি। এ ঘটনার রেশ না কাটতেই শোনা গেল ২০ বছর বয়সে ট্রাকের আঘাতে ডান হাত হারিয়েছেন গোপালগঞ্জের খালিদ হাসান হৃদয়। বাসে হেলপারের কাজ করে বাবা রবিউল ইসলামের সঙ্গে সংসারের হাল ধরেছিলেন তিনি। সংসারের খরচ মেটানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়পড়ুয়া বোনের পড়াশোনার ভার ছিল হৃদয়ের কাঁধে। ডান হাত হারানোয় এখন আর আগের মতো কর্মদক্ষতা ফিরে পাবেন না এই তরুণ।
এর পরের ঘটনাটি অতি সাম্প্রতিক। গত শুক্রবার রাতে বনানীর সৈনিক ক্লাবের কাছাকাছি স্থানে বিআরটিসির বাসের চাপায় রোজিনার ডান পা ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
সাংবাদিকদের তিনি বলেন, “কয়েকজন রাস্তা পার হচ্ছিল, আমি রাস্তা পার হওয়ার জন্য ফুটপাত থেকে নেমে মাত্র দুই পা দিয়েছি এমন সময় একটা গাড়ি সামনে এসে যায়। আমি ইশারা দেওয়ার পর গাড়িটা ব্রেক করে থামে। কিন্তু আমি যেই সামনে গেছি, গাড়িটা একটা বাড়ি দেয়। আমি তখন সামনের দিকে পড়ে গেছি। এরপরও বাসটা থামায় নাই। এত বড় বাসটা আমার পায়ের উপর দিয়ে চলে যায়।
“আমি যখন পড়ে গেছি, তখন বাসটা থামালে আমার পাটা বাঁচানো যেত,” বলতে বলতে কেঁদে ফেলেন রোজিনা।
হাত হারানোর পর মারা যাওয়া কলেজছাত্র রাজীবের প্রসঙ্গ টেনে যেন অনেকটা আক্ষেপের সুরে রোজিনা বলেন, “পত্রিকায় আমি দেখছি, রাজীব ছেলেটা অ্যাক্সিডেন্ট করছে। কিন্তু কোনো বিচার কি হইছে?”
রোজিনার এই আক্ষেপের সাথে তাল মেলাতে হয় আমাদের। প্রতিবছর আমাদের সড়কে মারা যান হাজার হাজার মানুষ। আরও কত হাজার হচ্ছেন আহত। কিন্তু রাজপথে মৃত্যুর মিছিল থামছে না।
বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির এক সমীক্ষা অনুযায়ী গত বছরের  ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছোট বড় ৪ হাজার ৯৭৯টি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে।
এতে সর্বমোট ২৩ হাজার ৫৯০ জন যাত্রী, চালক ও পরিবহন শ্রমিক সড়ক দুর্ঘটনায় হতাহত হয়েছেন। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৭ হাজার ৩৯৭ জন, আহত হয়েছেন ১৬ হাজার ১৯৩ জন। এর মধ্যে হাত-পা বা অন্য কোনো অঙ্গ হারিয়ে পঙ্গু হয়েছেন ১ হাজার ৭২২ জন। দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জিডিপির প্রায় দেড় থেকে দুই শতাংশ।
১ হাজার ২৪৯টি বাস, ১ হাজার ৬৩৫টি ট্রাক ও কাভার্ডভ্যান, ২৭৬টি হিউম্যান হলার, ২৬২টি কার, জিপ, মাইক্রোবাস, ১ হাজার ৭৪টি অটোরিকশা, ১ হাজার ৪৭৫টি মোটরসাইকেল, ৩২২টি ব্যাটারিচালিত রিকশা, ৮২৪টি নছিমন করিমন দুর্ঘটনার কবলে পড়ে।
পর্যবেক্ষণে দেখা গেছে, ২০১৬ সালে ৪ হাজার ৩১২টি সড়ক দুর্ঘটনায় ৬ হাজার ৫৫ জন নিহত ও ১৫ হাজার ৯১৪ জন আহত হয়েছিল। বিগত বছরের তুলনায় ২০১৭ সালে দুর্ঘটনা বেড়েছে ১৫.৫ শতাংশ। নিহত ২২.২ শতাংশ এবং আহত ১.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এত রক্তের পরও কারও কোনো দায়-দায়িত্ব নেই। এত রক্ত ঝড়িয়েও চালকদের হুশ ফেরে না। যেন কোন মহামূল্য পুরষ্কারের আশায় অদৃশ্য এক প্রতিযোগিতায় লিপ্ত তারা। আর এই প্রতিযোগীতার বলি হচ্ছেন রাজীব, হৃদয় বা রোজিনারা।
রাজপথে রক্তের দাগ তাড়াতাড়ি মুছে যায়। কাল যেখানে রক্তে থইথই ছিল আজ সেখানে মাইক্রোস্কোপের নিচে রেখেও হয়ত রক্তের দাগ পাওয়া যাবে না। তাই কি প্রতিযোগিতা থামছে না? তাই কি এত রক্ত ঝরিয়েও হুশ ফিরছেনা চালকদের?
আরও পড়ুন;
হাত হারানো রাজীব আর নেই
নরসিংদী সড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৯  
বিমান দুর্ঘটনায় নিহত ১৭ বাংলাদেশির লাশ শনাক্ত  
গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনা, নিহত ১১  
ফেনীতে সড়ক দুর্ঘটনা, নিহত ৭  
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৮  
বাগেরহাটে সড়ক দুর্ঘটনা, নিহত ২
দুই জেলায় পৃথক সড়ক দুর্ঘটনা, নিহত ৪
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪
৫ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮
নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪