আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে কমপক্ষে ২৫৭ জন নিহত হয়েছেন।
আজ বুধবার আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের একটি সামরিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। তবে বিধ্বস্তের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ইনাহারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২৫৭ জন আরোহী নিয়ে স্থানীয় সময় বুধবার সকালে আলজিয়ার্সের বৌফারিক বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয় উড়োজাহাজটি।
রাশিয়ার তৈরি ওই ইলিউশিন পরিবহন বিমানে পশ্চিম সাহারার পোলিসারিও ইনডিপেনডেন্স মুভমেন্টের সদস্যরাও ছিলেন।
টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে একটি রাস্তার কাছ থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়, আর ঘটনাস্থলের পাশে একটি মাঠে নিরাপত্তাকর্মীদের ভিড় দেখা যায়।
বিধ্বস্ত উড়োজাহাজটির লেজের একটি অংশ একটি জলপাই গাছের ওপর দিয়ে ঝুলতে এবং উড়োজাহাজের ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া ও আগুনের শিখা উঠতে দেখা গেছে বলে রয়টার্স জানিয়েছে।
টেলিভিশনের খবরে বলা হয়, ঘটনাস্থল থেকে ১৪টি অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে।
আলজেরিয়ার শাসক দল এফএলএন পার্টির একজন সদস্য বেসরকারি টিভি চ্যানেল এন্নাহার-কে জানিয়েছেন, নিহতদের মধ্যে পোলিসারিও ফ্রন্টের ২৬ জন সদস্য রয়েছেন। এই ফ্রন্টকে সমর্থন দিয়ে যাচ্ছে আলজেরিয়া। মরক্কোর কাছ থেকে পশ্চিম সাহারা অঞ্চলের স্বাধীনতা আদায়ে লড়ছে পোলিসারিও ফ্রন্ট। এই এলাকা নিয়ে আন্তর্জাতিকভাবে বিতর্ক রয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আলজেরিয়ার সবচেয়ে বড় উড়োজাহাজ দুর্ঘটনার ঘটনা এটি। ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে আলজেরিয়ার বিমানবাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৭৭ জন যাত্রী নিহত হন।
