সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চৌরাবালি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে গত রাত থেকে একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)। এ পর্যন্ত রাড়ি থেকে দুজন সন্দেহভাজন জঙ্গি আত্মসমর্পণ করেছে। এছাড়া সকাল থেকেই সেখানে থেমে থেমে গুলির শব্দ শোনা যায়।
এমনকি বেলা সাড়ে ১১টার দিকে একসঙ্গে বেশ কয়েকটি গুলির শব্দ শোনা যায়। দুপুর ১২টার দিকে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, সেখান থেকে দুই ‘জঙ্গি’ আত্মসমর্পণ করেছেন। বাড়ির ভেতরে আরও দুই ‘জঙ্গি’ আছেন বলে তিনি উল্লেখ করেন।
সকালে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান গণমাধ্যমকে বলেন, ‘জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হলে তারা ভেতর থেকে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ছে। বাড়িটির ভেতর থেকে বিস্ফোরক ছোড়া হয়েছে। বাড়ির আশপাশের এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।’
র্যাবের এই পরিচালক আরও বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির মালিক ইব্রাহিমকে র্যাব হেফাজতে নেওয়া হয়েছে। আগের অভিযানগুলোর অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে, ওই বাড়িতে চার থেকে পাঁচজন জঙ্গি আছে।
