সিসার দাম আড়াই মাসের সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। মূলত ডলারের বিনিময় মূল্যের শক্তিশালী অবস্থানের জের ধরে ধাতুর বাজারে বেচাকেনা কমে গিয়ে মন্দাভাব দেখা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এদিন সিসার পাশাপাশি তামা, নিকেল ও দস্তার দাম আগের দিনের তুলনায় কমেছে।
এলএমইতে দিন শেষে ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি টন সিসা বিক্রি হয় ২ হাজার ৪৪৫ ডলারে, যা আগের দিনের তুলনায় ২ দশমিক ৩ শতাংশ কম। ২০১৭ সালের ১১ ডিসেম্বরের পর এলএমইতে এটাই সিসার সর্বনিম্ন দাম।
পণ্যবাজারবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান টি-কমোডিটির বিশ্লেষক জিয়ানক্লদিও টোরলিজ্জি বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে ডলারের শক্তিশালী অবস্থান ধাতুর বাজারে বড় প্রভাবক হিসেবে কাজ করেছে। বিগত ৬ সপ্তাহের মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে ডলার। এ কারণে ধাতুর বাজারে বেচাকেনা অনেকাংশে কমে গেছে। একই সঙ্গে কমেছে বেশিরভাগ ব্যবহারিক ধাতুর দামও। তবে সবচেয়ে বড় দরপতন দেখা গেছে সিসার বাজারে।
এদিকে গতকাল এলএমইতে ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি টন নিকেল বিক্রি হয় ১৩ হাজার ৪৭৫ ডলারে, যা আগের দিনের তুলনায় ২ দশমিক ৩ শতাংশ কম। একই প্রবণতা দেখা গেছে তামার ক্ষেত্রেও। দিন শেষে ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি টন তামা বিক্রি হয় ৬ হাজার ৯২২ ডলারে, যা আগের দিনের তুলনায় দশমিক ১ শতাংশ কম।
গত ১৩ ফেব্রুয়ারির এলএমইতে এটাই তামার সর্বনিম্ন দাম। এদিন দস্তার দাম আগের দিনের তুলনায় ১ দশমিক ২ শতাংশ কমেছে। দিন শেষে ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি টন দস্তা বিক্রি হয় ৩ হাজার ৪০৭ ডলারে।
