ইংরেজি ক্লাস এবার থেকে ইংরেজিতেই




মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) দেশের সব সরকারি-বেসরকারি স্কুল ও কলেজে ইংরেজি বিষয়ের ক্লাস ইংরেজিতেই নেওয়ার আদেশ জারি করেছে। এছাড়া মহাপরিচালক অধ্যাপক ড. এসএম ওয়াহিদুজ্জামান স্বাক্ষরিত এ সংক্রান্তে প্রত্যেক শিক্ষার্থী যেন নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে পারে এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে এ বিষয়েও নির্দেশ দেয়া হয়েছে।
বাংলাদেশের পাঠ্যসূচিতে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংরেজি বিষয় বাধ্যতামূলক। কিন্তু অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানেই ইংরেজি বিষয়ের ক্লাস ইংরেজিতে পরিচালনা করা হয় না। অনেক ক্ষেত্রে শিক্ষকরা ক্লাসে বাংলায় কথা বলেন, বাংলায় শিক্ষার্থীদের পাঠ বুঝিয়ে দেন, কোনো প্রশ্ন করলেও তা শিক্ষার্থীদের ইংরেজির পরিবর্তে বাংলাতেই করেন। তাই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর থেকে শিক্ষকদের ইংরেজি ক্লাস ইংরেজিতেই পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া প্রত্যেক শিক্ষার্থীকে দেশপ্রেমিক হিসিবে গড়ে তুলতে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার গল্প শোনাতে বলা হয়েছে শিক্ষকদের। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরিতে শিক্ষার্থীদের নাগালের মধ্যে ওপেন সেলফে ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র’ (১৫ খণ্ড) পড়ার জন্য উন্মুক্ত রাখতে বলা হয়। শিক্ষার্থীদের নৈতিকতা ও মূল্যবোধ শেখাতেও নির্দেশ দেওয়া হয়েছে এ আদেশে। মাউশির এ আদেশে আরো বলা হয়, শিক্ষকরা ক্লাসে দুটি করে নৈতিক বাক্য ব্যাখ্যা করবেন, যাতে শিক্ষার্থীরা তা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে।
তাছাড়া অ্যাসেম্বলিতে দুটি করে নৈতিক বাক্য পাঠ এবং প্রতিষ্ঠানের দেয়ালে নৈতিক বাক্য লেখার আদেশ দেওয়া হয়েছে। শিক্ষা ব্যাবস্থাকে যুগোপযোগী করে তুলতে মাল্টিমিডিয়া ব্যবহার করে ক্লাস পরিচালনা, ইন-হাউস ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট ও প্রশিক্ষণের ব্যবস্থা, শিক্ষাঙ্গনকে গাছ লাগিয়ে সবুজায়ন করা এবং জাতীয় শুদ্ধাচার কৌশল অনুশীলন করতেও নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানকে।