ইইউতে তুরস্কের সদস্যপদের সম্ভাবনা নাকচ করেছেন মাখোঁ




তুরস্কের সাম্প্রতিক ঘটনাগুলো দেশটির ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদ পেতে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। এজন্য দেশটির ইইউ সদস্যপদের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।
এদিকে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান জানান, ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পেতে অর্ধশতাব্দী ধরে অপেক্ষা করতে করতে তুরস্ক বিরক্ত। তিনি বলেন, ‘ইইউর বাইরে ৫৪ বছর ধরে অপেক্ষায় আছে তুরস্ক। যখন সদস্যপদ দেয়ায় অস্বীকৃতি জানানো হয়, তখন ইইউ স্পষ্ট করতে পারে না কেন তুরস্ককে সেখানে জায়গা দেয়া যাবে না।’
এ বিষয়ে প্যারিসভিত্তিক টিভি চ্যানেল ফ্রান্স টোয়েন্টিফোরকে মাখোঁ বলেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদের জন্য যে শর্তগুলো পূরণ হওয়ার দরকার ছিল, সে জায়গায় তুরস্কে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাগুলো এ প্রক্রিয়াকে এগিয়ে নিতে সাহায্য করছে না।
সফররত তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে একটি সংবাদ সম্মেলনে মাখোঁ বলেন, ‘তুরস্কের সদস্যপদপ্রাপ্তির ফলে নতুন দিগন্তের সূচনা হবে বললে মিথ্যা বলা হবে।’