করোনা দ্রুত গ্রাস করছে গোটা বিশ্ব। অ্যান্টার্কটিকা ছাড়া করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে ছ’টি মহাদেশেই। আন্তর্জাতিক জরুরি অবস্থার পর এ বার করোনার সংক্রমণকে প্যানডেমিক (মহামারীর চেয়েও ভয়াবহ) ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। বুধবার এই ঘোষণা করে করোনার সংক্রমণকে ‘অভূতপূর্ব’ বলেছেন হু-এর ডিরেক্টর জেনারেল টেড্রস গ্রেব্রিয়েস। ইউরোপের কোনও দেশ থেকে আমেরিকায় বেড়াতে যাওয়ার উপর এক মাসের নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা।
হু ঘোষণা করার পরেই কঠিন সিদ্ধান্ত নিল আমেরিকা। ইউরোপ থেকে মার্কিন মুলুকে বেড়াতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করল হোয়াইট হাউস।
এক মাসের জন্য এই বিধিনিষেধ আরোপ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশে ভাষণে বলেন, ইউরোপের অধিকাংশ দেশ করোনার মোকাবেলায় ব্যর্থ। এছাড়াও, করোনার উপর নিয়ন্ত্রণ আনতে পারেনি ইউরোপের অধিকাংশ দেশ। তাই কঠিন হলেও প্রয়োজনীয় এই সিদ্ধান্ত নিতে হল। ট্রাম্প প্রশাসন সূত্রে খবর, ইউরোপের দেশগুলির সঙ্গে বাণিজ্যও বন্ধ করে দিতে পারে আমেরিকা। সরকারি এই বিবৃতির আগে পর পর টুইটে ট্রাম্প বলেন, ‘‘আমেরিকা ও বিশ্ববাসীকে বাঁচাতে করোনার চিহ্নিতকরণ, চিকিৎসা ও প্রতিরোধ এবং ভ্যাকসিন আবিষ্কারের জন্য একটি নীতি তৈরি করছে আমেরিকা।’’

